সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত স্লোগান “খেলা হবে”। বাংলাদেশের সংসদ সদস্য শামীম ওসমানের মাধ্যমে স্লোগানটি ভাইরাল হয়। প্রথমে শুধু বাংলাদেশে স্লোগানটি ছড়িয়ে পড়লেও পরে তা ভারতের পশ্চিমবঙ্গেও জনপ্রিয়তা পায়। সেখানে এ স্লোগান দিয়ে গান পর্যন্ত বানানো হয়েছে। এবার বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ ছাড়িয়ে বলিউডে পৌঁছে গেছে “খেলা হবে” স্লোগানটি।
মঙ্গলবার (৪ জুলাই) মুক্তি পেয়েছে আলিয়া ভাট অভিনীত “রকি অউর রানী কি প্রেম কাহানি”র ট্রেলার। সিনেমার ট্রেলারে আলিয়ার মুখে শোনা গেল “খেলা হবে” স্লোগান। এ ছবিতে রানী চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট। যেখানে তাকে দেখানো হয়েছে শিক্ষিত, বুদ্ধিমতী বাঙালি নারী হিসেবে।
পরিচালক করণ জোহর নির্মিত এ ছবিতে রণবীর সিং অভিনয় করেছেন পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে জ্ঞানশূন্য, পাঞ্জাবি তরুণের চরিত্রে।
রানীর মা–বাবার চরিত্রে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়। রণবীরের পরিবারের সদস্য হিসেবে রয়েছেন জয়া বচ্চন, শাবানা আজমি ও ধর্মেন্দ্র।
ট্রেলারে দেখা গেছে, স্বভাবে মিল নেই রকি ও রানীর। দুই পরিবারও পরস্পরের থেকে আলাদা। তাই রানীর মনে হয়, রকির সঙ্গে তার জুটি বেমানান এবং তাদের আলাদা হয়ে যাওয়া উচিত। ওদিকে নাছোড়বান্দা রকি। অবশেষে তিন মাস একে অপরের পরিবারের সঙ্গে থেকে সবটা উপলব্ধি করার পরিকল্পনা তৈরি করে। প্রগতিশীল বাঙালি পরিবারে এসে রবীন্দ্রনাথের ছবি দেখে দাদু ভেবে প্রণাম করে বসে রণবীর।
এসব দেখে এই ছেলেকে মেয়ের জন্য “আনফিট” তকমা দেয় টোটা-চূর্ণী। আবার আলিয়াকে একদম পছন্দ নয় জয়া বচ্চনের। তিনি বলে বসেন, “এদের প্রেমের দৌড় আমি না দেখালে আমার নাম ধনলক্ষ্মী নয়।” সে সংলাপ শুনে পালটা আলিয়াকে বলতে শোনা যায়, “খেলা হবে”।
আলিয়ার মুখে “খেলা হবে” শুনে অবাক টালিউড তারকারাও। শুভশ্রী-সৌমিতৃষারা ইনস্টাগ্রামে ছবির ট্রেলার শেয়ার করে লেখেন, “খেলা হবে”। এই খেলা কতটা জমজমাট হবে, তা জানা যাবে ২৮ জুলাই ছবি মুক্তির পর।