বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া মার্কিন যুক্তরাষ্ট্রে ভোজনরসিকদের ভারতীয় খাবারের স্বাদ দিতে চালু করেছেন ইন্ডিয়ান রেস্তোরাঁ। অসম্ভব সুন্দর ইন্টেরিয়র ডিজাইনের তার ওই রেস্তোরাঁর নাম দিয়েছেন “সোনা”। প্রিয়াঙ্কা এবং তার বন্ধু মণীশ গোয়েলের যৌথ উদ্যোগে চালু হয়েছে রেঁস্তোরাটি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, “সোনা”তে রয়েছে ভারতীয় নানা খাবারের পদ। ম্যাঙ্গো প্যাশন জুস, সোনা চকটেল গেটক্স, টাকিলা ভর্তি গোলগাপ্পা, ক্রাব পুরি এবং ক্যাভিয়ার, কোকোনাট চাটনিসহ একাধিক সুস্বাদু খাবার রয়েছে রেস্তোরাঁটির খাদ্য তালিকায়। রয়েছে সিঙারা, বড়া পাও, মাসালা এগ, এগ অ্যান্ড চিজ দোসা, মাশরুম ভুজিসহ একাধিক ছোট ছোট আইটেমও।
এই রেস্তোরাঁর খাবারের দাম অন্য যেকোনো রেস্তোরাঁর চেয়ে একটু বেশি। সবচেয়ে কম দামের শিঙাড়ার দামও বাংলাদেশি টাকায় হাজারের বেশি।
ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ইনস্টাগ্রামপ্রতিবেদনে আরও জানানো হয়, ভারতের মুম্বাইয়ের অন্যতম জনপ্রিয় স্ট্রিট ফুড বড়া পাও। ভারতের সাধারণ দোকানে এটির দাম ৪০ রুপি। তবে প্রিয়াঙ্কার রেস্তোরাঁয় এর দাম ১৪ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ১৩০০ টাকা)।
যেকোনো খাবারের সর্বনিম্ন দাম শুরু হয়েছে ১২ ডলারে যা বাংলাদেশি টাকায় একহাজার একশো টাকাও বেশি।
শুধু ভারতীয় খাবারই নয়, এই রেস্তোঁরায় রয়েছে বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, পিৎজা থেকে চিংড়ির পাকোড়া, চাটনিসমেত দোসা, ফুচকা সাজানো প্লেট, অ্যালকোহল দিয়ে পানিপুরির কম্বিনেশনসহ নানা বাহারি খাবার। এছাড়া গেট টুগেদার, জন্মদিনের অনুষ্ঠান, আর্শীবাদের অনুষ্ঠানসহ এমন নানা অনুষ্ঠানের আয়োজনের ব্যবস্থাও রাখা হয়েছে রেস্তোরাঁটিতে।