কোক স্টুডিও বাংলার নতুন গানে অর্ণব-সুনিধি

২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে “নাসেক নাসেক” শিরোনামের গান দিয়ে শুরু হয় “কোক স্টুডিও বাংলা”র প্রথম সিজন। শ্রোতাদের কাছে গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। প্রথম মৌসুম শেষের পর থেকে তাই ভক্তরা অধীর হয়ে ছিলেন দ্বিতীয় মৌসুমের।

অবশেষে এ বছর ভালোবাসা দিবসে তিন অঞ্চলের ভাষার সমন্বয়ে “মুড়ির টিন” দিয়ে শুরু হয় কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজন। এরপর একে একে “বনবিবি”, “নাহুবো”, “দেওরা”,  “দাঁড়াল দুয়ারে”, “নদীর কূল”,“কথা কইয়ো না” “দেওয়ানা”র মতো গানগুলো মুক্তি পেয়েছে।

এবার মুক্তি পাচ্ছে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনের নতুন গান “সন্ধ্যাতারা”। শনিবার (৮ জুলাই) রাতে কোক স্টুডিও বাংলার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে গানটি। গানটিতে কণ্ঠ দিয়েছেন শায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়েক।

জানা গেছে, “সন্ধ্যাতারা” গানের মাধ্যমে একটি জনপ্রিয় বন্দিশ গানের বাংলা অনুবাদ করা হয়েছে এবং কোক স্টুডিও বাংলা গানটির ফিউশন তৈরি করেছে।

কোক স্টুডিওর পক্ষ থেকে জানানো হয়, প্রথম থেকেই সৃষ্টিশীল, আনন্দে ভরপুর গান দর্শক-শ্রোতাদের উপহার দেওয়ার চেষ্টা করে যাচ্ছে তারা। সেই সঙ্গে প্রচেষ্টা থাকে বাংলাদেশের ঐতিহ্যকে ধারণ ও বহন করাও। “সন্ধ্যাতারা” গানের আনন্দ-আবেশে আবার ভেসে বেড়াবেন দেশ-বিদেশের শ্রোতা-দর্শকেরা, আশা কোক স্টুডিওর।