সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা “রকি অউর রানি কি প্রেম কাহানি”। এ সিনেমার মাধ্যমে দীর্ঘ সাত বছর পর ক্যামেরার পেছনে দাঁড়িয়েছেন কারান জোহর। অন্যদিকে, ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত “গাল্লি বয়”-এর পর ফের জুটি বেঁধেছেন রণবীর সিং এবং আলিয়া ভাট।
মুক্তির পর “রকি অউর রানি কি প্রেম কাহানি” সিনেমাটি দর্শক-সমালোচক দুই মহলেই প্রশংসা কুড়িয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) মুম্বাইয়ের একটি পাঁচতারকা হোটেলে রণবীর-আলিয়াসহ সিনেমাটির অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের এই ছবির সাফল্য উদযাপন করেন পরিচালক কারান। সেই সঙ্গে সিনেমাটির পর্দার আড়ালের অনেক মজার ঘটনার কথাও উঠে আসে।
একই দিনে প্রকাশ্যে এসেছিল “রকি অউর রানি কি প্রেম কাহানি” সিনেমার নতুন গান “কুড়মাই”। সিনেমায় রকি আর রানির বিয়েকে কেন্দ্র করেই গানটি লেখা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, রণবীর কাপুরের সঙ্গে আলিয়ার বিয়ের চার দিনের মাথায় গানটির শুটিং করা হয়।
২০২২ সালের এপ্রিলে বিবাহবন্ধনে আবদ্ধ হন রণবীর ও আলিয়া। তার কিছুদিন পরেই “কুড়মাই” গানটির দৃশ্যধারণের কাজ হয় উল্লেখ করে কারান জোহর বলেন, “আলিয়া এবং রণবীরের (কাপুর) বিয়ের চার দিন পর আমরা রণবীর (সিং) এবং আলিয়ার বিয়ে নিয়ে আমাদের সিনেমার শুটিং করছিলাম। তাই ওই সপ্তাহে আলিয়া দুবার বিয়ের পিঁড়িতে বসেছিল, একবার বাস্তব জীবনে এবং আরেকবার পর্দায়।”
বলিউডের খ্যাতনামা এ পরিচালক-প্রযোজক আরো বলেন, “‘কুড়মাই’ গানের দৃশ্যে আলিয়ার হাতে যে মেহেদি দেখা গিয়েছিল, সেটা রণবীরের সঙ্গে বিয়ের সময়ই দেওয়া। আমরা শুধু মেহেদির রঙটা গাঢ় করে দিয়েছিলাম। আমরা জয়সালমেরে গানটির শুটিং করি এবং বৈভাবী মার্চেন্ট এটিকে সুন্দরভাবে চিত্রিত করেছেন।”
বিষয়টি নিয়ে পরে কথা বলেছেন আলিয়াও। সময়ের অন্যতম সফল ও জনপ্রিয় এবং অভিনেত্রী বলেন, “আমার বিয়ের কয়েকদিন পরই ‘কুড়মাই’ গানের শুট করা হয়েছিল। আমার বিয়েটা খুবই সাদামাটাভাবে হয়েছিল। হালকা লেহেঙ্গা পরায় খুব সহজেই আমি চলাফেরা করতে পারছিলাম। অন্যদিকে, ‘কুড়মাই’ গানের দৃশ্যে আমরা পরা লেহেঙ্গা ছিল বেশ ভারি।”
নিজের বাস্তব জীবনের বিয়েতে অর্জিত অভিজ্ঞতা সিনেমার শুটিংয়েও কাজে লেগেছে উল্লেখ করে আলিয়া বলেন, “আমরা (রকি আর রানি) যখন সাত পাক নিচ্ছিলাম, তখন সবাই বলছিল যে বর আগে যাবে। কিন্তু আমি বলেছিলাম, আমি নিশ্চিত যে কনে আগে যাবে। কারণ, আমি সদ্য বিয়ে করেছি। তাই আমি বিয়ের আচার-রীতি জানি।”
গত ২৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে “রকি অউর রানি কি প্রেম কাহানি”। মুক্তির আগে সিনেমার ওপর ছুরি কাঁচি চালায় সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)। ভারতের সেন্সর বোর্ডের এ আপত্তির মুখে সিনেমার বেশ কয়েকটি দৃশ্য আর সংলাপ বাদ পড়ে। পাশাপাশি কয়েকটি অশালীন শব্দেও আসে পরিবর্তন।
রণবীর-আলিয়া ছাড়াও “রকি অউর রানি কি প্রেম কাহানি” সিনেমায় আরও অভিনয় করেছেন জয়া বচ্চন, শাবানা আজমি, ধর্মেন্দ্র, টোটা রায় চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায় প্রমুখ। মুক্তির পর প্রথম সপ্তাহেই সিনেমাটি ৭৩ কোটি রুপি আয় করে। দ্বিতীয় উইকেন্ড শেষেই ফ্যামিলি ড্রামা ঘরানার সিনেমাটির আয় ১০০ কোটি রুপি পেরোবে বলে ধারণা করা হচ্ছে।