সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা “রকি অউর রানি কি প্রেম কাহানি”। সিনেমাটিতে রণবীর সিংয়ের অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। টানা তিনটি সিনেমার ব্যর্থতার পর এ ছবি দিয়ে ফের সাফল্যের দেখা পেয়েছেন ৩৮ বছর বয়সী এ অভিনেতা।
“রকি অউর রানি কি প্রেম কাহানি” সিনেমা মুক্তির পর থেকে নারী ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছেন রণবীর। এমনকি অনেক নারী অনুরাগীর কাছ থেকে লম্বা লম্বা প্রেমপত্রও পাচ্ছেন। নারীদের কাছ থেকে প্রেমপত্র পাওয়াকে নিজের সেরা অর্জন হিসেবেও দেখছেন তিনি।
সোমবার (৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেন রণবীর। সেখানে রণবীরের উদ্দেশে একজন প্রশ্ন করেন, “রকি অউর রানি কি প্রেম কাহানি” সিনেমায় অভিনয়ের জন্য কার কাছ থেকে সবচেয়ে বড় প্রশংসা পেয়েছেন?
ভক্তের প্রশ্নের উত্তরে রণবীর সিং বলেন, “অনেক প্রশংসা পেয়েছি। সবাই রকিকে (রণবীরের অভিনীত চরিত্র) যে ভালোবাসা দিয়েছেন, তাতে আমি আপ্লুত। লম্বা লম্বা প্রেমপত্র পাচ্ছি। আমি খুবই কৃতজ্ঞ।”
“রকি অউর রানি কি প্রেম কাহানি” সিনেমায় টোটা রায় চৌধুরীর সঙ্গে রণবীর সিংকে ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত “দেবদাস” ছবির জনপ্রিয় “দোলা রে” গানের তালে কথক নাচে নাচতে দেখা গিয়েছে। সিনেমা মুক্তির পর দুর্গাপূজা উৎসবের দৃশ্যে বলিউড অভিনেতার নাচ বেশ প্রশংসা কুড়িয়েছে।
প্রশংসা করে এক ভক্ত নাচটি শিখতে কতদিন লেগেছে জানতে চাইলে জবাবে রণবীর সিং বলেন, “প্রায় এক মাসের মতো সময় লেগেছে। এই নাচের মুদ্রা আত্মস্থ করতে আমাকে বেশ ঘাম ঝরাতে হয়েছে।”
গত ২৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে “রকি অউর রানি কি প্রেম কাহানি”। মুক্তির আগে কারান জোহর পরিচালিত এই সিনেমার ওপর ছুরি কাঁচি চালায় সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)। ভারতের সেন্সর বোর্ডের এ আপত্তির মুখে সিনেমার বেশ কয়েকটি দৃশ্য আর সংলাপ বাদ পড়ে। পাশাপাশি কয়েকটি অশালীন শব্দেও আসে পরিবর্তন।
রণবীরের বিপরীতে “রকি অউর রানি কি প্রেম কাহানি” সিনেমায় অভিনয় করেছেন আলিয়া ভাট। এর মাধ্যমে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত “গাল্লি বয়”-এর পর তারা ফের জুটি বেঁধেছেন। এছাড়া এ সিনেমায় আরো অভিনয় করেছেন জয়া বচ্চন, শাবানা আজমি, ধর্মেন্দ্র, টোটা রায় চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায় প্রমুখ।ইতোমধ্যে ফ্যামিলি ড্রামা ঘরানার সিনেমাটির আয় ১০০ কোটি রুপি পেরিয়েছে।