পারিশ্রমিক ছাড়াই ‘ওএমজি ২’ সিনেমায় কাজ করেছেন অক্ষয়

অক্ষয় কুমারের সর্বশেষ কয়েকটি সিনেমা বক্স অফিসে ব্যর্থতার মুখ দেখেছে। ব্যর্থতার বৃত্ত থেকে জনপ্রিয় এই বলিউড অভিনেতার বেরিয়ে আসার তুরূপের তাস হিসেবে ধরা হচ্ছিল “ও মাই গড ২” (ওএমজি ২) সিনেমা। যদিও মুক্তির আগেই সিনেমাটিকে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেতে জটিলতার সম্মুখীন হতে হয়েছিল।

শেষ পর্যন্ত সেই বাধা পার হলেও মুক্তির সময়েও একইদিনে প্রেক্ষাগৃহে আসা “গাদার ২” নামের আরেক সিনেমার সঙ্গে ক্ল্যাশে যেতে হয়েছে “ও মাই গড ২” ছবিকে। দুই সিনেমার মুখোমুখি লড়াইয়ে “গাদার ২” বড় অবদানে এগিয়ে থাকলেও “ও মাই গড ২” ছবিটিও ধীরে ধীরে সফলতার দিকে অগ্রসর হচ্ছে।

খুব শিগগিরই “ও মাই গড ২” সিনেমাটির  ১০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে। ফলে দীর্ঘ দুই বছর পর আবারও সাফল্যের দেখা পাবেন অক্ষয়। তবে “ও মাই গড ২” সিনেমাটির জন্য কোনো পারিশ্রমিক নেননি ৫৫ বছর বয়সী এই অভিনেতা। সিনেমাটির প্রযোজক অজিত আঁধারের বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

মুক্তির পর অনেক জায়গায়ই “ও মাই গড ২” সিনেমার বাজেট ১৫০ কোটি রুপি দেখানো হয়েছে। এমনকি অনেকেই বলেছেন, সিনেমাটি ফ্লপের খাতায় নাম লিখিয়েছে। তবে অজিত আঁধারে এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, বিভিন্ন প্রতিবেদনে “ও মাই গড ২” সিনেমার বাজেট যেভাবে বাড়িয়ে বলা হচ্ছে, তা অতিরঞ্জিত। এক সূত্রে জানা গেছে, সিনেমাটির বাজেট মাত্র ৫০ কোটি রুপি।

অক্ষয় কুমারের সম্পর্কে অজিত আঁধারে বলেন, “অক্ষয় বরাবরই অর্থনৈতিক এবং ক্রিয়েটিভভাবে এই ধরনের সাহসী ছবি নির্মাণের ক্ষেত্রে পাশে থাকেন। তাই তিনি এই ছবির জন্য কোনো পারিশ্রমিক নেননি। তার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমরা একত্রে ‘ওএমজি’, ‘স্পেশাল ২৬’, ‘টয়লেট এক প্রেম কথা’ ইত্যাদি ছবিতে কাজ করেছি।”

এই প্রযোজক আরো বলেন, “একত্রে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকায় অক্ষয়ের সঙ্গে আমার বোঝাপড়া ভালো। চিত্রনাট্য নিয়ে তার সঙ্গে আমার বারবার কথা হয়েছে। যদিও সেটা স্বাভাবিক। কিন্তু আমরা দুজনেই এমন কিছু করতে চেয়েছিলাম যার অর্থ আছে। আর তাকে ছাড়া এই ঝুঁকি নেওয়াই সম্ভব ছিল না। তিনি এই ছবির সঙ্গে অর্থনৈতিক এবং ক্রিয়েটিভ- দুই ভাবেই যুক্ত ছিলেন।”

গত ১১ এপ্রিল মুক্তি পেয়েছে ভারতসহ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে “ও মাই গড ২”। সিনেমাটি মূলত ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত “ওএমজি- ও মাই গড” ছবির সিকুয়েল। ওই সিনেমায় অক্ষয় ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করেন। সেখানে অক্ষয়ের পাশাপাশি দেখা গেছিল পরেশ রাওয়াল, মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতাকেও। দর্শক জনপ্রিয়তার পাওয়ার পাশাপাশি সিনেমাটি বক্স অফিসে সাফল্যের মুখ দেখে।

“ও মাই গড ২” সিনেমাটি নির্মাণ করেছেন অমিত রাই। এতে অক্ষয়কে হিন্দু দেবতা শিবের চরিত্রে দেখা গেছে। অক্ষয় ছাড়াও এতে আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, ইয়ামি গৌতম, অরুণ গোভিল প্রমুখ। মুক্তির পর কমেডি-ড্রামা ঘরানার সিনেমাটি প্রথম সপ্তাহে ৮৪ কোটি ৭২ লাখ রুপি আয় করেছে।