ট্রল করলে মামলার হুমকি বর্ষার

ঢাকাই শোবিজ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এই চেষ্টার ইতিবাচক ফল দেখতে পাওয়া যাচ্ছে। সাম্প্রতিক সময়ে বেশ কিছু সিনেমা ব্যবসা সফল হয়েছে। দর্শকের প্রশংসা কুড়িয়েছে। একইসঙ্গে ঢাকাই শোবিজ ভিন্ন কারণেও আলোচনায় থাকে। ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন তারকা ব্যক্তিজীবন নিয়ে দর্শকের তুমুল আগ্রহের জায়গায় থাকেন।

এই দুই পরিস্থিতি অন্যতম একটি জুটি ব্যবসায়ী ও চিত্রনায়ক অনন্ত জলিল ও তার স্ত্রী চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। আনাড়ি অভিনয়ের কারণে দুজনেই দর্শকের সমালোচনার মুখোমুখি হয়েছেন বহুবার। শোবিজ অঙ্গণ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন তারা। এবার তাদের নিয়ে ট্রল করা হলে আইনি পদক্ষেপ নেবেন বলে জানালেন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বর্ষা জানান, তার কোনো মন্তব্য কেটেকুটে হাস্যকর কনটেন্ট বানালে তিনি মানহানির মামলা করবেন।

বর্ষা বলেন, “আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি, নেক্সট যদি আমার কোনো ভিডিও বা ইন্টারভিউ থেকে কিছু অংশ কেটে কোনো পেইজে নেতিবাচক পোস্ট দেখি, তাহলে আমি সেই পেইজের বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হব। এটা নিয়ে অলরেডি আমার আইনজীবী কাজ করছেন। ইতোমধ্যে বেশ কয়েকটা পেইজের লিস্টও করেছি। কারণ সবকিছুরই একটা লিমিট থাকা উচিত। আয় করা উচিত হালাল উপায়ে, কাউকে বাজেভাবে উপস্থাপন করে নয়।”

প্রসঙ্গত, কিছু দিন আগে একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে অংশ নেন বর্ষা। সেখানে কয়েকটি প্রসাধনী ব্র্যান্ডের নাম ভুল উচ্চারণ করেন। এরপর সেই ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেক কনটেন্ট ক্রিয়েটর এই কথাগুলো নিয়ে “হাস্যরসাত্মক” ভিডিও বানান। মূলত এই কারণেই হুঁশিয়ারি দিলেন বর্ষা।

স্বামী-স্ত্রী জুটি বেধে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করলেও “দিন-দ্য ডে” দিয়ে মূল আলোচনায় আসেন অনন্ত-বর্ষা। এই জুটিকে সর্বশেষ দেখা গেছে “কিল হিম” সিনেমায়। আগামীতে তাদের “নেত্রী-দ্য লিডার” সিনেমায় দেখা যাবে।