আয়মান-মুনজেরিনের বিয়ের গুঞ্জন, যা জানা যাচ্ছে

অনলাইনভিত্তিক “টেন মিনিটস স্কুল”-এর প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ও একই প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষক মুনজেরিন শহীদ বিয়ে করছেন বলে গুঞ্জন উঠেছে। এমনকি তাদের বিয়ের একটি কার্ডও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্বাভাবিকভাবেই অনেকেই জানতে চাইছেন, আসলেই ব্যক্তিজীবনে এক হচ্ছেন দুইজন?

এমন প্রশ্নের জবাব পেতে আয়মান ও মুনজেরিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে সংবাদমাধ্যম। তবে অনলাইনের দুই শিক্ষক একরকম মুখে কুপুল এঁটেছেন।

কিন্তু তাদের ঘনিষ্ঠ একজন দিলেন কিছুটা ইঙ্গিত। তিনি বলেন, “আমি অফিশিয়ালি কিছু বলতে পারব না। তবে হ্যাঁ, বিয়ে হয়তো হতে যাচ্ছে শিগগিরই।”

“টেন মিনিটস স্কুল”-কে কেন্দ্র করে প্রায়ই তাদের একত্রে দেখা যায়। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও দুজন একসঙ্গে যোগ দিয়ে থাকেন। ফলে অনেকেরই ধারণা প্রেম করছেন অনলাইনের দুই শিক্ষক।

এবারে এই জুটির বিয়ের কার্ডের ছবি যেন সেই ধারণা আরও পাকাপোক্ত করলো। সামাজিক যোগাযোগমাধ্যমে কার্ডটির ছবি শেয়ার করছেন অনেকেই, জানাচ্ছেন শুভকামনা।

কার্ডে বলা হয়েছে, ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকায় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তায়েবুর রহমান ও শারমিন আক্তারের পুত্র আয়মান সাদিক এবং শহীদ উদ্দিন আহমেদ চৌধুরী ও মনোয়ারা শহীদের কন্যা মুনজেরিন শহীদের বিয়ে–পরবর্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আয়মানের ঘনিষ্ঠজনের সূত্র বলছে, অনুষ্ঠানের আগেই পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

আয়মান সাদিকের জন্ম কুমিল্লায় হলেও বেড়ে ওঠা চট্টগ্রামে। অপরদিকে মুনজেরিন শহীদ চট্টগ্রামের মেয়ে। দুজনেই পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

এরমধ্যে আয়মান আইবিএ থেকে বিবিএ শেষ করে ২০১৫ সালে “টেন মিনিট স্কুল” প্রতিষ্ঠা করেন। ২০১৮ সালে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের হাত থেকে গ্রহণ করেন “কুইনস ইয়াং লিডারস অ্যাওয়ার্ড”। ফোর্বসের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সেরা ৩০০ তরুণ উদ্যোক্তার তালিকায় স্থান পান একই বছর।

আর মুনজেরিন ইংরেজি বিভাগ থেকে স্নাতকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। এরপর শতভাগ বৃত্তি নিয়ে একই বিষয়ে স্নাতকোত্তর করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে।