কোভিড মহামারির পর অক্ষয় কুমারের অধিকাংশ সিনেমাই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। যদিও গত আগস্টে মুক্তিপ্রাপ্ত “ওহ মাই গড ২” সিনেমা দিয়ে আবারও বক্স অফিসে মাথা তুলে দাঁড়িয়েছিলেন এ অভিনেতা।
তবে অক্ষয়ের সেই সাফল্য তেমন দীর্ঘস্থায়ী হলো না। সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয় অভিনীত সিনেমা “মিশন রাণীগঞ্জ”। মুক্তির পর থেকে সার্ভাইভাল থ্রিলার ঘরানার সিনেমাটি বক্স অফিসে একদমই সুবিধা করতে পারেনি।
বক্স অফিসে নিজের অভিনীত আরেকটি সিনেমার ভরাডুবির পর মুখ খুলেছেন অক্ষয়। সিনেমাটির ব্যর্থতার দায়ভার নিজের কাঁধেই নিয়েছেন ৫৫ বছর বয়সী এ অভিনেতা। তবে “মিশন রাণীগঞ্জ”কে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা ছবি বলে উল্লেখ করেছেন অক্ষয়।
টাইমস নাউ নবভারতকে দেওয়া সাক্ষাৎকারে অক্ষয় কুমার বলেন, “এটা গতানুগতিক বাণিজ্যিক ছবি না। মান অনুযায়ী সিনেমাটি যথোপযুক্ত আয় করতে পারেনি। আমি ক্যারিয়ারে ১৫০টির মতো সিনেমায় কাজ করেছি। এটি আমার অভিনয় জীবনের অন্যতম সেরা সিনেমা।”
নিজের অভিনীত সিনেমা ব্যর্থতার মুখ দেখলেও অনেকেই সেই দায় স্বীকার করতে চান না। নিজেকে সেই তালিকায় না রেখে অক্ষয় বলেন, “সিনেমাটি ভালোভাবে চলেনি। আমি ব্যর্থতা স্বীকার করে এটিকে নিজের অভিনীত অন্যতম সেরা সিনেমা হিসেবে দেখছি।”
কোভিড মহামারির পূর্ববর্তী সময়ে বলিউডের শীর্ষ তারকাদের মধ্যে প্রথম সারিতে ছিলেন অক্ষয় কুমার। ২০১৯ সালে “কেসারি”, “মিশন মঙ্গল”, “হাউজফুল ৪”, “গুড নিউজ”- এর মাধ্যমে এক পঞ্জিকাবর্ষে বক্স অফিসে চার সিনেমার দুর্দান্ত ব্যবসায়িক সাফল্য পাওয়ার বিরল রেকর্ড গড়েন।
কিন্তু কোভিড পরবর্তী সময় “সূর্যবংশী” আর “ওহ মাই গড ২” ব্যতিত অক্ষয়ের “বচ্চন পান্ডে”, “সম্রাট পৃথ্বীরাজ”, “রাম সেতু”, “কাটপুতলি”, “রক্ষা বন্ধন”, “সেলফি” সিনেমাগুলো দর্শক-সমালোচক দুই মহলেই সমালোচিত হয়ে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।
যদিও দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ারে অক্ষয়ের দুঃসময় এটিই প্রথম না। ক্যারিয়ারের শুরুর দিকে টানা ১৬টি সিনেমা ফ্লপ হয়েছিল অক্ষয়ের। একবিংশ শতাব্দীর প্রথমদিকেও একপর্যায়ে তার পরপর ৮টি সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। অবশ্য প্রতিবারই ব্যর্থতা কাটিয়ে তিনি ফিরে এসেছেন।
তবে দুঃসময় কাটিয়ে আগামী বছর অক্ষয়ের সামনে রাজসিক প্রত্যাবর্তনের মঞ্চ প্রস্তুত আছে। সামনে অক্ষয়কে “বড়ে মিয়া ছোটে মিয়া”, সুরারাই পত্রুর হিন্দি রিমেক, “স্কাই ফোর্স”, “হেরা ফেরি ৩” আর “ওয়েলকাম টু দ্য জঙ্গল”র মতো সিনেমায় দেখা যাবে।