শিশুদের বিশেষায়িত টেলিভিশন দুরন্ত টিভির তৈরি ২৬ পর্বের প্রথম অ্যানিমেশন সিরিজ “কুটু ভুটু” আগামী শুক্রবার (৩ নভেম্বর) থেকে প্রচার শুরু হবে। প্রতি শুক্র ও শনিবার সকাল ৯টা, দুপুর আড়াইটা ও সন্ধ্যা সাড়ে ৭টায় সিরিজটি দুরন্ত টিভি ও দুরন্ত টিভির ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে।
সোমবার সন্ধ্যায় ঢাকার বনানীতে দুরন্ত টিভির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সিরিজটির গল্প ভাবনা, চিত্রনাট্য, স্টোরি বোর্ড, লে-আউট, অ্যানিমেশন, সংগীত, কণ্ঠাভিনয় ও সম্পাদনা দুরন্ত টিভির সম্পূর্ণ নিজস্ব প্রয়াস।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দুরন্ত টিভির পরিচালক অভিজিৎ চৌধুরী, প্রযোজক পার্থ প্রতিম হালদার, হেড অফ মার্কেটিং,মিনহাজ উদ্দিন, সিনিয়র প্রযোজক বাকার বকুল, সিনিয়র স্ক্রিপ্ট এডিটর মনিরুল ইসলাম রুবেল, লিড গ্রাফিক্স ডিজাইনার মনসুর রহমান পাভেল প্রমুখ।
কুটু ভুটু-তে দেখা যাবে, একটা খোলামেলা বাড়ির বাগানে ছোট বড় অনেক গাছ। একটা গাছে বাসা বেঁধেছে এক কাঠবিড়ালি, তার নাম- “কুটু”। আর বাড়িতে আছে এক পোষা কুকুর, যার নাম- “ভুটু”।
দুষ্ট কুটু সারাদিন এটা-সেটা চুরি করে খায় আর পাহারাদার ভুটু সেসব উদ্ধারে তার পিছু নেয়। কুটু সারাদিন ব্যস্ত ভুটুকে বোকা বানাতে। আর ভুটু বাস্ত কুটুকে শায়েস্তা করতে। দুজনের আলাদা দুটি দলও আছে। কুটুর দলে ছোট এক টুনটুনি পাখি ও হাঁস। ভুটুর দলে আছে বাড়ির পোষা কবুতর আর মুরগি।
এছাড়া বাড়ির গরু-ছাগল, পুকুরের ব্যাঙ, পিঁপড়ার দল- এরাও মাঝেমধ্যে যোগ দেয় কুটু-ভুটুর মজার সব কাণ্ড-কারখানায়।
ঘুড়ি ওড়ানো, ফুটবল খেলা, ভেলায় চড়ে বেড়ানো, বারবিকিউ পার্টি করা, গুপ্তধন খোঁজা, জন্মদিন উদযাপন, নাটক করা- এমন সব নানা কাণ্ড করে ওরা দুই দলে ভাগ হয়ে। আবার, বাড়ির বাইরে থেকে আসা দুষ্টু বিড়াল, দাঁড় কাক ও পাজি চোরকে শায়েস্তা করতে একজোট হয়ে যায় ওরা। এমনি করে ঘটতে থাকে দারুণ সব কাণ্ডকারখানা!