মৌসুমীর ‘কন্ট্রাক্ট বিয়ে’

বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন চিত্রনায়িকা মৌসুমী। আর সেখানেই তিনি ‘‘কন্ট্রাক্ট বিয়ে’’ করবেন বলে জানো গেছে। না, যা ভাবছেন তা নয়। ঢাকাই সিনেমার এই নায়িকা নতুন করে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন না। সম্প্রতি যুক্তরাষ্ট্রে ‘‘কন্ট্রাক্ট বিয়ে’’ নামে একটি ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।

ওয়েব সিরিজটি নির্মাণ করছেন অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীর। ওয়েব সিরিজের একটি দৃশ্যে দেখা যাবে হাসান জাহাঙ্গীরের সঙ্গে ‘‘কন্ট্রাক্ট বিয়ে’’ করছেন চিত্রনায়িকা মৌসুমী।  গত ১৮ নভেম্বর এর দৃশ্যধারণ করা হয়েছে।

এক প্রতিবেদনে ডেইলি স্টার এসব তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে জানানো হয়, ওয়েব সিরিজটির কেন্দ্রীয় চরিত্র মৌসুমী এবং হাসান জাহাঙ্গীর ছাড়াও আরো অনেক জনপ্রিয় তারকা রয়েছেন। এসএএস প্রোডাকশনের ব্যানারে শামসুল আলম সোহাগ এবং মাসুদ রানার সার্বিক সহযোগিতায়  নির্মিত হচ্ছে এই ওয়েব সিরিজটি। অভিনয়ের পাশাপাশি গল্প এবং নির্মাণের দায়িত্বেও আছেন হাসান জাহাঙ্গীর।

মৌসুমী বলেন, ‘‘যুক্তরাষ্ট্রে অবস্থানকালেই ওয়েব সিরিজের পরিচালকের সঙ্গে দেখা করে স্ক্রিপ্ট পড়েন। স্ক্রিপ্টটি পড়েই তার পছন্দ হয়। সেই কারণেই তিনি এই সিরিজে কাজ করতে রাজি হন।’’

‘‘সিরিজটি সাসপেন্স ও থ্রিলারে পরিপূর্ণ। এর গল্প প্রবাসীদের বাস্তব জীবনকে প্রতিফলিত করে।’’

সিরিজের নির্মাতা বলেন, ‘‘মৌসুমীর চরিত্রকে ঘিরেই রহস্যের ঘেরা পুরো ওয়েব সিরিজটি। যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর স্থায়ী হওয়ার জন্য বাংলাদেশের অনেক মেয়ে দুই বছরের কন্ট্রাক্ট বিয়ে করেন। সিরিজে সেই বিষয়টি উঠে আসবে। এখানে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাস্তব পরিস্থিতির দৃশ্যপটও উঠে আসবে।’’