নদী বন্দরে রাজত্ব কায়েমের লড়াইয়ে মোশাররফ করিম!

নতুন ওয়েব সিরিজ “খালাস” নিয়ে শিগগিরই দর্শকের মুখোমুখি হবেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ইতিমধ্যে সিরিজটির শুটিং শেষ করেছেন তিনি। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের এই সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন কে এম নাইম ও মাহি ইসলাম।

পদ্মা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে আবর্তিত হওয়া সিরিজে শাহজালাল চরিত্রে দেখা যাবে মোশাররফকে। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল, লু‍ৎফর রহমান জর্জ, উজ্জ্বল কবির ও আমায়া নূর।

গল্পে রহস্যময় এক মানুষ এই শাহজালাল। অদৃশ্য ক্ষমতাবলে কারণে-অকারণে বন্দর এলাকার ক্ষমতাধরদের কাছ থেকে তার ডাক পড়ে। উপকূলের কোনো দৈব দু‍‍র্বিপাক, খুনের খবর আগাম তার কাছে চলে আসে। কীভাবে এসব ঘটনা আঁচ করতে পারেন, তা সবার কাছে রহস্য! বন্দর এলাকার ক্ষমতা আর টাকার রাজনীতি ঘিরে যে দ্বন্দ্ব চলে, সেখানে শাহজালাল প্রধান হয়ে উঠতে থাকেন। সব মিলিয়ে নদীর মোহনায় রাজত্ব কায়েমের লড়াইয়ের গল্প “খালাস”।

পরিচালকদের একজন মাহি ইসলাম সংবাদমাধ্যমকে জানান, মাঝপদ্মায় শুটিং করতে গিয়ে কালবৈশাখীর কবলে পড়তে হয় পুরো টিমকে। যেহেতু গল্পে ইলিশ ধরার ব্যাপার আছে, তাই আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও ঝুঁকি নিয়ে মাঝপদ্মায় গিয়েই শুটিং করেছি। ভয়ঙ্কর ঢেউয়ের মধ্যে জাহাজে, স্পিডবোটে শুটিং করা হয়। টানা ৫৪ দিন শুটিং হয়েছে কুমিল্লা, দাউদকান্দি, গজারিয়া, চাঁদপুর, চট্টগ্রাম ও মোংলা লোকেশনে। সিরিজটি বাংলার পাশাপাশি হিন্দি, তেলেগু ও মালয়ালম ভাষায় মুক্তি পাবে।

সিরিজটির মুক্তির বিষয়ে মাহি ইসলাম বলেন, পোস্ট-প্রোডাকশনের কাজ প্রায় শেষের দিকে। সাউন্ড ডিজাইনের কাজ চলছে এ মুহূ‍র্তে। সাব্বির আহমেদের কথা ও সুরে এই সিরিজের টাইটেল তৈরি হচ্ছে। আগামী বছরের মার্চে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিরিজটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মাহমুদ দিদার।