সময়ের অন্যতম সেরা অভিনেতা মোশাররফ করিম দখলে নিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার মেট্রোরেল! কথাটা অলীক মনে হলেও অনেকটাই সত্য। অপরাধজগতের নিয়ন্ত্রা ও নব্বইয়ের দশকের শেষের দিকে উত্থান ঘটা হুগলির ডন খ্যাত হুব্বা শ্যামলের জীবনী নিয়ে তৈরি করা হয়েছে একটি সিনেমা। “হু্ব্বা” নামের সেই সিনেমায় নাম চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ। সিনেমাটি আগামী ১৯ জানুয়ারি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে একইসঙ্গে মুক্তি পাচ্ছে।
সিনেমাটির প্রচারে কলকাতার মেট্রোরেল সাজানো হয়েছে “হুব্বার” পোস্টারে। ফলত মোশাররফের মেট্রোরেলের দখলে নেওয়ার তথ্যটি সঠিকই।
পশ্চিমবঙ্গের নির্মাতা ব্রাত্য বসু সিনেমাটি নির্মাণ করেছেন। সিনেমাটির মুক্তিকে সামনে রেখে পশ্চিমবঙ্গের বিভিন্ন দেয়াল, বিলবোর্ড, গাড়ি থেকে ট্রাম সবখানেই দেখা যাচ্ছে হুব্বার পোস্টার।
কলকাতার মেট্রোরেলে হুব্বার পোস্টার ও ব্যানার সম্বলিত ছবি ও ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটা স্টেশনে এসে থামছে ট্রেন। যে ট্রেনের দুই পাশেই হুব্বার পোস্টার।
বাংলাদেশের মতোই পশ্চিমবঙ্গেও জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এর আগে একই নির্মাতার “ডিকশনারি” সিনেমায় অভিনয় করে ওপারে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
বাংলাদেশে একই সময়ে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছে পরিবেশক জাজ মাল্টিমিডিয়া। এরই মধ্যে প্রস্তুতিও সম্পন্ন করেছে তারা।
“হুব্বা” সিনেমাটি প্রযোজনা করেছে “ফ্রেন্ডস কমিউনিকেশন”। মোশাররফ করিম ছাড়াও এতে পুলিশের ভূমিকায় দেখা যাবে অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তকে। এছাড়া আছেন- পৌলমী বসু, শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ।