ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ওয়ালিউল হক রুমি দীর্ঘদিন ধরেই কোলন ক্যান্সারের সঙ্গে লড়ছেন। তবে সম্প্রতি বেশি অসুস্থ হয়ে পড়ায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। বর্তমানে সিসিইউতে আছেন তিনি। এর আগে ভারতের চেন্নাইয়ে দূরারোগ্য ক্যান্সারের চিকিৎসা করিয়েছেন তিনি।
অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক অভিনেতা রওনক হাসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রুমির শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তবে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে তাকে।
১৯৮৯ সালে থিয়েটার বেইলী রোডে “এখন কৃতদাস” নাটকের মধ্য দিয়ে যাত্রা শুরু করেন ওয়ালিউল হক রুমি। একই বছর “কোন কাননের ফুল” নাটকে অভিনয়ের মাধ্যমে টেলিভিশনে অভিষেক হয় তার। এরপর অভিনয় ক্যারিয়ারে ৫ শতাধিক নাটকে অভিনয় করেছেন রুমি।
রুমি অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো— “জমজ ৫-১০”, “সাজেশন সেলিম”, “বোকাসোকা তিনজন”, “জার্নি বাই বাস”, “বাকির নাম ফাঁকি”, “কমেডি ৪২০”, “প্রেসিডেন্ট সিরাজউদ্দৌলা”, “আকাশ চুরি” প্রভৃতি।
গত কয়েক বছর এই অভিনেতা বরিশালের আঞ্চলিক ভাষাতে বেশি অভিনয় করে আসছিলেন। বরগুনায় জন্ম রুমির। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ও মা হামিদা হক। পরিবারে তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট রুমি।