টানা দুই মৌসুমে সফলতার পর তৃতীয় সিজন নিয়ে ফিরছে কোক স্টুডিও বাংলা। বাংলাদেশসহ বিভিন্ন দেশের ১৮০ জনের বেশি সুরকার ও শিল্পীকে নিয়ে ১৩ এপ্রিল থেকে নতুন এই সিজনের যাত্রা শুরু হচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় সংশ্লিষ্টরা।
তৃতীয় সিজনে থাকবে বিভিন্ন ধারার শিল্পীদের পরিবেশিত নানা ধরনের মোট ১১টি গান। প্রথম দুই সিজনের মতো এই সিজনেও মিউজিক কিউরেটর হিসেবে আছেন শায়ান চৌধুরী অর্ণব। সঙ্গীত প্রযোজক হিসেবে তার সাথে থাকবেন প্রীতম হাসান, ইমন চৌধুরী, শুভেন্দু দাশ শুভ এবং অন্যরা।
অর্ণব বলেন, “দারুণ কিছু গান নিয়ে, দেশীয় সংস্কৃতি উদযাপন করতে আরও একবার হাজির হয়েছি আমরা। এই সিজনে আমরা গান ও স্টোরিটেলিংয়ের ক্ষেত্রে আরও নতুনত্ব আনার চেষ্টা করেছি, যা উদ্ভাবন ও সৃজনশীলতার প্রতি আমাদের প্রতিশ্রুতি আরও ফুটিয়ে তুলবে। ট্র্যাডিশনাল থেকে আধুনিক সুর, সবকিছু মিলিয়ে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন হয়ে উঠবে শৈল্পিক বৈচিত্র্য ও সৃষ্টিশীলতা প্রকাশের এক অনন্য প্ল্যাটফর্ম।”
প্রথম দুই সিজনে প্ল্যাটফর্মটির ইউটিউব ভিউ সংখ্যা ৪৪৬ মিলিয়ন এবং সাবস্ক্রাইবার সংখ্যা ৩৩ লাখ।
কোক স্টুডিও জানায়, সারা বিশ্বের দর্শক-শ্রোতাদের মাঝে প্রথম দুই সিজনের জনপ্রিয়তা অনেক বিদেশি শিল্পীকে তৃতীয় সিজনে অংশগ্রহণে উৎসাহিত করেছে।
নতুন সিজনে অর্ণব, প্রীতম, ইমন চৌধুরী ও মেঘদলসহ বেশকিছু পরিচিত মুখকে নতুন গান নিয়ে ফিরতে দেখা যাবে।
এছাড়া প্রথমবারের মতো কোক স্টুডিও বাংলায় গাইবেন জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদসহ নতুন কয়েকজন শিল্পী।
কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জু-উন নাহার বলেন, “গত দুই সিজনে ভক্তদের কাছ থেকে যে ভালোবাসা আমরা পেয়েছি, তার সত্যিই তুলনা হয় না। তাদের ভালোবাসা ও উৎসাহই আমাদের প্রথাগত প্র্যাকটিসের বাইরে গিয়ে নতুন ও অসাধারণ কিছু করার জন্য অনুপ্রাণিত করে। এই সিজনে দর্শক-শ্রোতাদের জন্য আমাদের বেশ কিছু চমক আছে। আশা করছি এই সিজনও সবাই পছন্দ করবেন।”
নতুন সিজনের ভিজ্যুয়াল আউটপুট পরিচালনা করেছেন ডোপ প্রোডাকশন-এর কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় এবং রানআউট ফিল্মস-এর আদনান আল রাজীব।
কোক স্টুডিও বাংলার অফিশিয়াল মিউজিক স্ট্রিমিং পার্টনার স্পটিফাই এবং ইউটিউবে শোনা যাবে কোক স্টুডিও বাংলার গান।