‘মাদার অব ডেমোক্রেসি’ সিনেমা বন্ধে আইনি নোটিশ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে নিয়ে “মাদার অব ডেমোক্রেসি” নামের সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা এম কে জামান। তবে খালেদা জিয়াকে নিয়ে কাউকে কোনো প্রকার সিনেমা বা ডকুমেন্টরি বানানোর অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (২০ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভেরিফাইড পেজে এ ঘোষণা দেয় বিএনপি।

বিএনপির পেজে বলা হয়, “খালেদা জিয়াকে নিয়ে কোনো সিনেমা বা ডকুমেন্টরি বানানোর কোনো প্রকার অনুমতি জিয়া পরিবারের কোনো সদস্য কিংবা বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়নি।”

এদিকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে মাদার অব ডেমোক্রেসি সিনেমা বন্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

উল্লেখ্য, “মাদার অব ডেমোক্রেসি” সিনেমার চিত্রনাট্যের কাজ সম্পন্ন হয়েছে, আগামী মাসের শেষ দিকে এর দৃশ্য ধারণের কাজ শুরু হওয়ার কথা জানিয়েছেন নির্মাতা। এদিকে, বিষয়টি নিয়ে যখন চলছে আলোচনা, ঠিক তখনই জানা গেল ১১ বছর আগেই বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বায়োপিক সিনেমা নির্মাণ করেছিলেন প্রয়াত কিংবদন্তি গীতিকার-প্রযোজক ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ার। এবার ১১ বছর পর সিনেমাটি আলোর মুখ দেখতে চলেছে।

২০১৩ সালে নির্মিত “আপসহীন” শিরোনামের সিনেমাটিতে খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করেছেন নিপুণ আক্তার। আর এতে জিয়াউর রহমান চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা হেলাল খান। সিনেমাটির মুক্তি পরিকল্পনা করা হচ্ছে বলে সাংবাদিকদের জানিয়েছেন হেলাল খান। সিনেমাটি মুক্তির আগে তিনি খালেদা জিয়ার সঙ্গে একবার দেখা করতে চান বলেও জানিয়েছেন।