ছাত্ররাজনীতিকে উপজীব্য করে ইউটিউবে উন্মুক্ত হলো নতুন নাটক ‘অবুঝ পাখি’। নাটকটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও নাজনীন নীহা।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে নাটকটি প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়ার পর থেকে ৩৬ ঘন্টায় সেটি অতিক্রম করেছে ১২ লাখ ভিউ। সঙ্গে মন্তব্যের ঘরে মিলছে ইতিবাচক প্রতিক্রিয়া।
রুবেল হাসান নির্মিত এই নাটকটির চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন। নাটকটি প্রচারিত হয়েছে সিএমভির ব্যানারে।
নির্মাতা নাটকটির গল্প প্রসঙ্গে জানান, জনপ্রিয় ছাত্রনেতা ইয়াশ রোহান। একই ক্যাম্পাসের শিক্ষার্থী নাজনীন নীহা। দু’জনার মধ্যে ভীষণ প্রেম ও বোঝাপড়া। কিন্তু এই বোঝাপড়ার মধ্যে একটাই জটিলতা, সেটা হচ্ছে রাজনীতি। নীহা বিয়ের চাপ দিলেও রোহান অসহায়, কারণ বিয়ে করলে ছাত্ররাজনীতি থেকে বিদায় নিতে হবে তাকে।
এমনই এক রাজনীতি ও প্রেমের কঠিন সমীকরণ নিয়ে নির্মিত নাটক ‘অবুঝ পাখি’।
নাটকটিতে ছাত্রনেতা সাগর চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। তার প্রেমিকা লিনসা চরিত্রে নাজনীন নীহা।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা রুবেল হাসান বলেন, “ছাত্ররাজনীতি ও প্রেমের মধ্যে যে জটিলতা, সেটি নিয়ে আসলে খুব বেশি গল্প বলা হয় না। এখানে সেই গল্পটাই বলার চেষ্টা করেছি। দারুণ একটা গল্প, শিল্পীরাও সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজটি করেছেন। মুক্তির পর দর্শকরাও ভালো ফিডব্যাক দিচ্ছেন।”