মেহজাবীন: বেশি কাজ করলে শিল্পীর শিল্পটা হারিয়ে যায়

নাটকের জগতের অন্যতম পরিচিত মুখ মেহজাবীন। পর্দায় নানাচরিত্রেই তাকে দেখা যায়। সম্প্রতি মুক্তি পেয়েছে তার প্রথম সিনেমা “সাবা”। সেখানে ‍দুর্দান্ত অভিনয় করেছেন তিনি। সিনেমাটি দেশেসহ দেশের বাইরে বেশ প্রশংসিত হচ্ছে। কর্মব্যস্ততায় এখন তিনি দেশের বাইরে রয়েছেন। তবে তার ভক্তরা যেন তাকে ফের নাটকে দেখার জন্য পাগল হয়ে রয়েছেন।

সম্প্রতি তিনি কাজ কমিয়ে দেওয়ার প্রসঙ্গে বলেন, “ব্যস্ততার কারণে এখন আর নাটকে মন দিতে পারি না। তবে বিশেষ বিশেষ দিন ঘিরে যে গল্প পাই সেগুলোতে কাজ কাজ করা চেষ্টা করি। আমাদের দেশে এখন কাজের ক্ষেত্র অনেক বেশি, তবে আমি খুব বেশি কাজ করি না। আমরা তো আসলে শিল্পী, আমার মনে হয় বেশি কাজ করলে শিল্পীর শিল্পটা হারিয়ে যাবে। শিল্প চর্চার জন্য নিজেকেও একটু সময় দিতে হয়। কারণ, একটা চরিত্র থেকে অন্য একটি চরিত্রে ঢুকতেও তো সময় লাগে। সাধারণত ২-৪ দিনের জন্য আমরা একটা কাজে থাকি। পরে গ্যাপ না নিয়ে অন্য চরিত্রে ঢুকতে তো সমস্যা হওয়ারই কথা। আর বড় প্রজেক্ট হলে তো আরও বেশি সময় দিতে হয়। তবে চেষ্টা করি কাজটি নিখুঁত করে করার।”

উল্লেখ্য, মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা “সাবা” টরেন্টোতে প্রচারিত হওয়ার পর এখন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অনুষ্ঠান বুসান উৎসবে তা প্রদর্শিত হচ্ছে। উৎসবটি চলবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত। মাকসুদ হোসেন পরিচালিত ছবিটি বুসানে “অ্যা উইন্ডো ইন এশিয়ান সিনেমা” তে দুইবার প্রদর্শিত হবে।