দুর্গাপূজার উৎসবে মেতে উঠেছে হিন্দু ধর্মাবলম্বীরা, আর সেই আনন্দে যোগ দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি। এবার কলকাতার শারদীয় দুর্গোৎসবের বিভিন্ন মণ্ডপে দেখা মিলেছে পরীমণির প্রথম ভারতীয় সিনেমা “ফেলুবক্সী”র পোস্টার।
কলকাতার বিভিন্ন প্যান্ডেলে শোভা পাচ্ছে এই পোস্টার, যা নিয়ে পরী নিজেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “শিগগিরই আসছে লাবণ্য…”। দেবরাজ সিনহা পরিচালিত এই সিনেমায় পরীমণি “লাবণ্য” চরিত্রে অভিনয় করেছেন, সঙ্গে রয়েছেন সোহম চক্রবর্তী এবং মধুমিতা সরকার।
থ্রিলার সিনেমাটি পূজার পর মুক্তির কথা রয়েছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শতাফ ফিগার, সৃজিত আয়ুষ্মান সরকার প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন অদিতি বসু ও অম্লান চক্রবর্তী।
প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমণি অভিনীত ওয়েব সিরিজ “রঙিলা কিতাব”। এটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। আপাতত কাজের বাইরে ছেলে-মেয়েকে নিয়ে বেশ সুখেই দিন পার করছেন তিনি।