বাবার জন্মদিনে সুহানা: পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি তোমাকে

বলিউড বাদশাহ শাহরুখ খান আজ ৫৯ বছরে পা দিলেন। এ উপলক্ষে তাকে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন মেয়ে সুহানা খান। ইনস্টাগ্রাম স্টোরিতে সুহানা ছোটবেলার কিছু মূল্যবান ছবি দিয়ে একটি কোলাজ শেয়ার করেছেন। যেখানে তিনি, তার বাবা শাহরুখ খান এবং ভাই আরিয়ান খানকে দেখা গেছে।

পোস্টটি শেয়ার করে সুহানা লিখেছেন, “শুভ জন্মদিন। পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি তোমাকে।”

শাহরুখ খানের ক্যারিশম্যাটিক ব্যক্তিত্ব তার বিপুল ভক্তদের প্রভাবিত করে। “বলিউড কিং” নামে পরিচিত শাহরুখের পথচলা শুরু হয় দিল্লিতে। ১৯৮৯ সালে টিভি সিরিজ ফৌজি দিয়ে তিনি প্রথম নজরে আসেন।

তার চলচ্চিত্র ক্যারিয়ার আকাশচুম্বী সাফল্য লাভ করে “দেওয়ানা”, “ডর” এবং “বাজিগর”-এর মতো হিট সিনেমার মাধ্যমে। তবে “দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে” তাকে প্রকৃতপক্ষে সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করে। দীর্ঘ বিরতির পর তিনি “পাঠান”, “জওয়ান” ও “ডানকি”’র  মতো ব্লকবাস্টারের মাধ্যমে শক্তিশালী প্রত্যাবর্তন করেছেন। এটি আবারও তাকে “বলিউডের কিং” হিসেবে প্রমাণ করেছে।

২০২৩ সালে তিনটি সিনেমা উপহার দিয়েছিলেন শাহরুখ খান। চলতি ২০২৪ সালে তার কোনো ছবি মুক্তি পায়নি। তবে এবার তিনি নতুন ছবি “কিং”-এর জন্য জোর প্রস্তুতি শুরু করেছেন। কিন্তু এই ছবির জন্য সিনেমাপ্রেমীদের লম্বা অপেক্ষা করতে হবে। কারণ, ছবিটি সম্ভবত ২০২৬ সালে মুক্তি পাবে। শাহরুখের এই ছবিকে ঘিরে এখন থেকেই তার ভক্তরা রোমাঞ্চিত; কারণ, সিনেমাটিতে কন্যা সুহানার সঙ্গে দেখা যাবে তাকে।