কোহলির জন্মদিনে আনুস্কার ‘সারপ্রাইজ’

ভারতের অন্যতম ‘‘পাওয়ার কাপল’’ বিরাট-আনুস্কা। নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর কম সমালোচনার শিকার হননি কোহলি। স্পিনারদের সামলাতে ব্যর্থ হয়েছেন হাজার হাজার রান করা এই ব্যাটার। সেই নিয়ে এই বছর খানিকটা ফিকে বিরাটের জন্মদিনের আনন্দ। খবর ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের।

এরই মাঝে ক্রিকেট সুপারস্টার বিরাট কোহলির জন্মদিনে সবচেয়ে সুন্দর বার্তাটি এলো আনুস্কার কাছ থেকে। সঙ্গে ভক্তদের দিলেন বিরাট সারপ্রাইজ। ইনস্টাগ্রামে প্রথমবারের মতো ছেলে অকায়ের ঝলক দেখালেন এই অভিনেত্রী। ৯ মাসের ছেলে এবং মেয়ে ভামিকাকে কোলে নিয়ে দাড়িয়ে আছেন বিরাট। মুখে প্রশান্তির হাসি।

আনুস্কা তার পোস্টের ক্যাপশনে একটি হৃদয় এবং একটি ইমোজি জুড়ে দিয়েছেন। কিন্তু এই নতুন ছবির প্রেমে পড়েছেন তার ভক্তরা। ছবিতে দুটো হৃদয়ের স্টিকার দিয়ে ছেলে ও মেয়ের মুখ ঢেকে দিয়েছেন অভিনেত্রী।

উল্লেখ্য, ২০১৭ সালে বিবাহের বন্ধনে আবদ্ধ হন তারা। এরপর ২০২১ সালে তাদের কোল আলো করে আসে প্রথম সন্তান ভামিকা। এরপর এ বছরের শুরুতে ছেলে অকায়ের জন্ম দেন আনুস্কা। লোকচক্ষুর আড়ালেই দুই সন্তানতকে বড় করে তোলার সিদ্ধান্ত নিয়েছে এই দম্পতি।