সৌদি আরবে গাইবেন জেমস

সৌদি সরকারের আমন্ত্রণে রিয়াদে যাচ্ছেন নগরবাউল জেমস। আগামী ২২ নভেম্বর রিয়াদের আল-সুওয়াইদি পার্কে গান শোনাবে তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন নগরবাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর।

সৌদির মিনিস্ট্রি অব মিডিয়ার উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে “রিয়াদ সিজন”। এতে অংশ নিচ্ছে ৯টি দেশ। এর মধ্যে আছে দক্ষিণ এশিয়ার তিন দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান।

১২ অক্টোবর শুরু হওয়া ৪৫ দিনের এই আয়োজন শেষ হবে ৩০ নভেম্বর। আমন্ত্রিত প্রতিটি দেশের জন্য বরাদ্দ করা হয়েছে এক সপ্তাহ। সেখানে এসব দেশের সংগীত, নৃত্য, ঐতিহ্যবাহী খাবার তুলে ধরা হচ্ছে।

আয়োজনের সপ্তম সপ্তাহকে “বাংলাদেশ উইক” হিসেবে বিবেচনা করা হয়েছে। ২০ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সেখানে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি তুলে ধরা হবে।

জেমসের অংশগ্রহণ বিষয়ে নগরবাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর দৈনিক সংবাদপত্র প্রথম আলোকে বলেন, “২০ নভেম্বর সৌদি সরকারের আমন্ত্রণে আমরা প্রথমবারের মতো রিয়াদে যাচ্ছি। আয়োজনটিতে বিনামূল্যে গান শুনতে পাবেন দর্শক। আশা করি, ভালো একটা শো হবে। প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণ জানাচ্ছি।”