ভারতের মহারাষ্ট্রে চলছে বিধানসভা নির্বাচন পর্ব। এদিন সকাল থেকেই ভোটগ্রহণ কেন্দ্রে তারকা সমাবেশ। ভোট দিয়েছেন রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, অক্ষয় কুমার, গোবিন্দারা। লাগাতার প্রাণে মারার হুমকির মাঝেই সালমান খান এদিন ভোট দিতে প্রকাশ্যে আসবেন কিনা, সেটা নিয়ে চলছিল অনেক জল্পনা। অভিনেতার পরিবারের সদস্যরা দুপুরে সেরে ফেলেন ভোটদান পর্ব। খবর ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের।
অবশেষে বান্দ্রার ভোটগ্রহণ কেন্দ্রে দেখা মেলে সেলিম খান, আরবাজ খানদের। বিকালে পৌঁছালেন বলিউড ভাইজান সালমান খান। নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যেই নিজের নাগরিক দায়িত্ব পালন করেন এই তারকা।
বান্দ্রার সম্পূর্ণ মহিলা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দেন ভাইজান। গাড়ি থেকে সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করেন সালমান। বেরিয়ে আসার সময় জড়ো হওয়া ফ্যানেদের উদ্দেশ্যে ছুড়ে দেন ফ্লায়িং কিস।
এদিন সালমানের নিরাপত্তা নিশ্চিত করতে মুম্বাই পুলিশের তরফ থেকে নেওয়া হয়েছিল কড়া বন্দোবস্ত। ছিল হাই-টেক ড্রোন, কমান্ডো।
এদিন বাকি অভিনেতাদের মতো পরিবার নিয়ে হাজির হন বলিউড কিং শাহরুখ। হাজারো ব্যস্ততার মাঝেও নিজের নাগরিক দায়িত্ব সম্পর্কে সচেতন বলিউডের এই কিং খান। রাজনীতি থেকে দূরে থাকলেও সময়মতো ভোট দিতে ভোলেন না শাহরুখ খান। এদিনও সপরিবারে বিধানসভা নির্বাচনে অংশ নিলেন বাদশা। স্ত্রী গৌরী খান ও দুই সন্তান সুহানা ও আরিয়ানকে নিয়ে ভোটকেন্দ্রে হাজির হতে দেখা যায় অভিনেতাকে।