মোশাররফ-পার্নোর ‘বিলডাকিনি’র মুক্তি স্থগিত

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও কলকাতার নায়িকা পার্নো মিত্র অভিনীত বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত সিনেমা “বিলডাকিনি”র মুক্তি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা। আসন্ন কোনো একটি উৎসবকে কেন্দ্র করে সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা ফজলুল কবীর তুহিন।

শুক্রবার (২৪ জানুয়ারি) সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। সেভাবে প্রচারণাও চলছিল। তবে মুক্তির আগের দিন এসে নতুন সিদ্ধান্তের কথা জানালেন ফজলুল কবীর তুহিন।

তিনি বলেন, “‘অনিবার্য কারণঃবশত আমরা চলচ্চিত্রটি মুক্তি দিতে পারছি না। দর্শকদের কাছে আমরা বিনীতভাবে ক্ষমাপ্রার্থী। তবে, আশা করছি আসন্ন কোনো একটি উৎসবকে কেন্দ্র করে উৎসবের সঙ্গেই মুক্তি পাবে বিলডাকিনি।”

এর আগে, গত বছরের ১৭ জানুয়ারি সেন্সর ছাড়পত্র পায় সিনেমাটি। এরপর বেশ কয়েকবার মুক্তির সিদ্ধান্ত নিলেও নানা জটিলতায় মুক্তি দেওয়া হয়নি।

এ বছরের ১০ জানুয়ারি সিনেমাটির প্রথম পোস্টার উন্মোচন করেন অভিনেতা মোশাররফ করিম। সেদিন জানানো হয় সিনেমাটি মুক্তির তারিখ।

নুরুদ্দিন জাহাঙ্গীরের কাহিনি অবলম্বনে নির্মিত সিনেমাটিতে মোশাররফ অভিনয় করেছেন মানিক মাঝি চরিত্রে। যিনি একজন বাউলের সন্তান।

অন্যদিকে পার্নো মিত্র’র চরিত্রের নাম হানুফা। গ্রামীণ নারী হনুফার গল্পেই আবর্তিত হয় বিলডাকিনি সিনেমার কাহিনী।

২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত “বিলডাকিনি” সিনেমার পরিচালক হিসেবে মনজুরুল ইসলামের নাম ছিল; পরে তার বদলে সিনেমাটি তুহিনকে পরিচালনার দায়িত্ব দেন প্রযোজক আবদুল মমিন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত “বিলডাকিনি” সিনেমার অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাহাজাহান সম্রাট, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, রশীদ হারুন, হাবিব মাসুদ, আইনুন নাহার পুতুল, ইউসুফ হাসান অর্ক, মাহবুবুর রহমান, তিথি, মেহেদী হাসান সোমেন।

সিনেমাটির শুটিং হয়েছে নওগাঁর প্রতিসর, নাটোর এবং বাংলাদেশ কেন্দ্রীয় কারাগারে।