ভারতীয় সিনেমায় অভিষেক ওয়ার্নারের, দৈনিক পারিশ্রমিক ১ কোটি রুপি

অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। আইপিএলেও খেলেছেন তিনি। এবার এই ক্রিকেট তারকাকে কিনা ক্রিকেটের ময়দানে প্রভাব দেখিয়ে বিনোদন জগতে পা রাখতে চলেছেন। শীঘ্রই তেলেগু সিনেমায় অভিষেক হবে তার। খবর ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের।

ডেভিড ওয়ার্নার একাধিকবার তার তৈরি করা নানা মজার রিলস এবং ‘‘পুষ্পা’’ সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে বানানো ভিডিও তৈরি করে নজর কেড়েছেন নেট দুনিয়ায়। নেটিজেনদের দেখিয়েছেন তার অভিনেতা রূপ। এবার জানা গেল তিনি সত্যি সত্যিই অভিনয় জগতে পা রাখতে চলেছেন। একটি তেলেগু সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।

তেলেগু ভাষার এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন তেলেগু অভিনেতা নিতিন। ওয়ার্নারের অভিনয় করার খবর নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজক রবি শংকর।

জানা গেছে, তেলুগু সিনেমা রবিনহুডে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে এই অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকাকে। ২০২৪ সালের সেপ্টেম্বর তিনি অস্ট্রেলিয়ায় এই সিনেমার জন্য শ্যুটিং সেরে ফেলেছেন। সিনেমাটি পরিচালনা করেছেন ভেঙ্কি কুদুমুলা। এছাড়াও ‘‘মাইথিরি মুভি মেকার্স’’ সিনেমাটির প্রযোজনা করেছে। চলতি মাসেই মুক্তি পেতে পারে সিনেমাটি। আগামী ২৮ মার্চ বড় পর্দায় আসছে ডেভিড ওয়ার্নার অভিনীত সিনেমা রবিনহুড। স্বাভাবিকভাবেই তার এই সিনেমা নিয়ে যে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে সেটা বলাই বাহুল্য।

সানরাইজার্স হায়দরাবাদের প্রাক্তন অধিনায়ককে নিয়ে যে তেলুগু ক্রিকেট ভক্তদের মধ্যে একটা আলাদা উন্মাদনা আছে সেটা বলার অপেক্ষা রাখে না। তিনিও একাধিকবার জানিয়েছেন যে তার দক্ষিণ ভারতীয় সিনেমা দেখতে ভালো লাগে। আর সেটার প্রমাণ তার বিভিন্ন রিলস দেখলেই বোঝা যায়। বিশেষ করে পুষ্পা পোজে তার তোলা ছবি এবং ভিডিও তো দারুণ জনপ্রিয়।

রবিনহুড সিনেমাতে মুখ্য ভূমিকায় দেখা যাবে শ্রীলীলা এবং নীতিনকে। এটি একটি অ্যাকশন কমেডি ঘরানার সিনেমা।

ইকোনমিক টাইমসসহ ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ওয়ার্নারের চরিত্রটি হতে যাচ্ছে একটি ক্যামিও। এ জন্য তিনি প্রতিদিন নেবেন ১ কোটি রুপি। তেলেগু ভাষাভাষীর সঙ্গে ওয়ার্নারের সম্পর্কটা পুরোনো। অস্ট্রেলিয়ার এই সাবেক ওপেনার আইপিএলে ৭ মৌসুমে হায়দরাবাদের হয়ে ৯৫টি ম্যাচ খেলেছেন।