বিরাট-আনুশকার বিয়ের অন্দরমহল কেমন ছিল? জানা গেল অজানা তথ্য

সকলকে চমকে দিয়ে বিয়ে করেছিলেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। ২০১৭ সালে ইটালিতে গিয়ে বিয়ে করেছিলেন তারকা দম্পতি। সেই সময় থেকেই “ডেস্টিনেশন ওয়েডিং” চল হয়ে দাঁড়ায়। কিন্তু বিয়ের অন্দরমহল নাকি বেশ ঘরোয়া ছিল। বিরাট-আনুশকার বিয়ের খুঁটিনাটি নিয়ে সম্প্রতি মুখ খুললেন চিত্রগ্রাহক জোসেফ রাধিক। তারকা দম্পতির বিয়ের ছবি তোলার দায়িত্বে তিনিই ছিলেন।

জোসেফ জানিয়েছেন, বিরাট ও আনুশকার বিয়ের আসর নাকি খুবই ঘরোয়া ছিল। বাড়ির জমায়েতের মতোই ছিল আবহ। সেই একই সালে জোসেফ নিজেও বিয়ে করেছিলেন। সেই বছরের ডিসেম্বর মাসে ছিল বিরুষ্কার বিয়ে। জোসেফ বলেছেন, “বিরাট-আনুশকার বিয়ে ঠিক ঘরোয়া পার্টির মতোই মনে হয়েছিল। যে যার মতো করে স্বচ্ছন্দে ছিল।” বিয়ের আড়ম্বরের চাপে কারও অসুবিধা হয়নি। বরং স্বস্তিতে সকলে সময় কাটিয়েছিলেন বলে জানান চিত্রগ্রাহক।

বিরাট-আনুশকার বিয়েতে উপস্থিত ছিলেন মাত্র ৪০ জন। এর আগে বিবাহ-চিত্র নির্মাতা বিশাল পঞ্জাবিও বিরাট-আনুশকার বিয়ের প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন, “ইটালির তাস্কানিতে বিয়ে করেছিলেন বিরাট ও আনুশকা। সত্যিই খুব সুন্দর ছিল সেই বিয়ের আসর। খুব কাছের কয়েক জন ছিলেন বিয়ের আসরে। ৪০ জনের মধ্যেই ছিলেন তাদের বাবা-মা, পরিবার এবং প্রসাধনী শিল্পী ও আমরা। বিয়ের সময়ে তাদের কেউ বিরক্ত করেনি।”

বিরাট-আনুশকার বিয়ের আবহ যেন কোনো স্বপ্নের দৃশ্যের মতো। জানিয়েছিলেন বিশাল। বিয়ের আসরেও বর ও কনের পোশাকের রঙের মতোই স্নিগ্ধতা ছিল বলে জানান তিনি। বর্তমানে বিরাট ও আনুশকা দুই সন্তান- ভামিকা ও অকায়ের বাবা-মা।