মুক্তির পরদিনই থানায় শাকিবের ‘বরবাদ’ সিনেমার প্রযোজক-পরিচালক, যা জানা গেল

ঈদে মুক্তি পেয়েছে মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা “বরবাদ”। প্রেক্ষাগৃহে ব্যাপক সাড়া ফেলেছে সিনেমাটি। স্টার সিনেপ্লেক্সের কোনো শাখায় আগামী দুই দিনের কোনো টিকিট নেই। প্রদর্শনীর সংখ্যাও বাড়িয়েছে তারা। দর্শকের চাহিদা অনুযায়ী কিছু প্রেক্ষাগৃহে সিনেমাটি মধ্যরাতেও প্রদর্শনী হয়েছে। ঈদের দিন থেকেই সারাদেশে যখন বরবাদ নিয়ে এই অবস্থা, সেখানে পরদিনই মঙ্গলবার দুপুরে শুলশান থানায় গেলেন সিনেমাটির প্রযোজক-পরিচালক।

কারণ হিসেবে জানা যায়, সিনেমাটির পাইরেসির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে তাদের এই যাওয়া। সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার একাধিক ফেসবুক, ইউটিউব ও টিকটক অ্যাকাউন্টের লিংকের কথা উল্লেখ করেছেন, যেখান থেকে সিনেমাটির পাইরেসির সূত্রপাত। সিনেমাটির পাইরেসি রোধে গুলশান থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

এ বিষয়ে সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার বলেন, ‘‘সিনেমা মুক্তির আগে পাইরেসি সুরক্ষার জন্য একটি প্রতিষ্ঠানকে আমরা দায়িত্ব দিয়েছি। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে যত ভালো ফুটেজ ছিল, তা নামিয়ে ফেলা হয়েছে। কিন্তু সিনেমা হল থেকে মোবাইল ফোন, ক্যামেরা দিয়ে যারা কপি করেছেন, সেটির জন্য আমাদের আইনি ব্যবস্থা নেওয়া খুবই দরকার ছিলো। আমরা এ বিষয়ে একটা ফেসবুক পোস্টও দিয়েছিলাম। সেখানে বলেছিলাম, আপনারা যারা এ ধরনের অপরাধ করছেন, তারা বিরত থাকেন, আমরা আইনগত ব্যবস্থা নেব। আজ সকালে আমরা দেখছি, সিনেমার কপি মোবাইলে মোবাইলে ঘুরছে! এটা তো শুধু আমাদের নয়, পুরো সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ক্ষতি।”

তিনি আরও বলেন, “আমরা সিনেমা বানিয়েছি, মানুষ প্রেক্ষাগৃহে গিয়ে দেখবে তাই। তা নাহলে প্রেক্ষাগৃহ মালিকেরা কীভাবে ব্যবসা করবেন। সিনেমা হলের মালিকেরা ব্যবসা করলে আমাদেরও ব্যবসা হবে। আমাদের ব্যবসা হলে আমরা ভবিষ্যতে মানুষের জন্য আরও সিনেমা নিয়ে আসতে পারবো। হয়তো একটা গ্রুপ চাচ্ছে না, আমরা আর সিনেমা বানাই। আমরা আগে থেকেই এটা আভাস পাচ্ছিলাম, কিন্তু কখনো এই ব্যাপারে কোনো কথা বলিনি। আমাদের পেছনে কেউ লেগে আছে, এটা আমি বিশ্বাস করতে চাইছিলাম না।”

উল্লেখ্য, মেহেদী হাসান পরিচালিত ‘‘বরবাদ’’ দেশব্যাপী ১২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। আরও রয়েছেন- মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, মিশা সওদাগর, যিশু সেনগুপ্ত, নুসরাত জাহানসহ আরও অনেকে।