অর্থ কেলেঙ্কারি মামলায় মহেশ বাবুকে তলব

দক্ষিণ ভারতীয় সুপারস্টার মহেশ বাবুর বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির গুরুতর অভিযোগ উঠেছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের অন্ধ্র প্রদেশের তেলেঙ্গানার একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের অর্থ পাচার–কাণ্ড প্রকাশ্যে এসেছে। সেই প্রতিষ্ঠানের সঙ্গে নাম জড়িয়েছে এই দক্ষিণী অভিনেতার। তেলেঙ্গানা পুলিশের করা এফআইআরের ভিত্তিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মামলাটি তদন্ত করছে। তদন্তের জন্য অভিনেতা মহেশ বাবুকে তলব করেছে ইডি। ২৮ এপ্রিল হায়দরাবাদে তদন্ত সংস্থার অফিসে তাকে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে।

সংবাদমাধ্যমটি প্রতিবেদনে আরও জানিয়েছে, একই জমি একাধিক ক্রেতার কাছে বিক্রির অভিযোগ ওঠে ওই রিয়েল এস্টেট প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। সেই সঙ্গে অর্থ পাচারের অভিযোগও পাওয়া গেছে। ইডি কর্মকর্তাদের দাবি, দক্ষিণী এই অভিনেতা প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হওয়ায় অনেক সাধারণ মানুষ এ প্রতিষ্ঠানকে বিশ্বাস করে এখানে অর্থ বিনিয়োগ করেছেন। কিন্তু মিথ্যা প্রতিশ্রুতিতে জমি কিনতে গিয়ে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অভিনেতার দিকে তাকিয়েই অর্থ বিনিয়োগ করেছিলেন অনেকে। তাই সরাসরি যুক্ত না থেকেও অভিনেতার নাম এই অর্থ কেলেঙ্কারিতে জড়িয়েছে।

তবে ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, মহেশ বাবু অভিযুক্ত প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হতে পারেন ঠিকই, কিন্তু আড়ালে থাকা এ জালিয়াতির কথা তিনি না–ও জানতে পারেন। তার সঙ্গে কথা বললে সব বিষয় পরিষ্কার হবে।
পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ওই রিয়েল ইস্টেট প্রতিষ্ঠানটি থেকে মহেশ বাবু ৫ কোটি ৯০ লাখ রুপি নিয়েছেন। এর মধ্যে ৩ কোটি ৫০ লাখ রুপি নগদে আর বাকি অর্থ চেকের মাধ্যমে নিয়েছেন। আর এ কারণেই তাকে ইডি তলব করেছে।