‘তাণ্ডব’ ফোরকাস্টে ভয়াবহ দুর্যোগের সতর্কবার্তা, শাকিবের ঝোড়ো উপস্থিতি

‘‘বরবাদ’’ সিনেমার রেশ না কাটতেই প্রকাশ পেয়েছে শাকিব খান অভিনীত ‘‘তাণ্ডব’’ সিনেমার টিজার। ১ মিনিট ৪১ সেকেন্ডের টিজারে সবকিছু উলটপালট করে দিলেন বাংলার এই মেগাস্টার। “প্রিয়তমা” সিনেমা দিয়ে শুরু, এর পর থেকে নিজেকে নতুনভাবে উপস্থাপন করছেন তিনি। পরিচালক রায়হান রাফি ও শাকিব খান কম্বিনিশন যেন বাংলা সিনেমাকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে।

‘‘তাণ্ডব’’-এ এবার অন্য রকম লূকে তাণ্ডব দেখালেন শাকিব খান। আজ রবিবার সকালে প্রকাশিত হয়েছে সিনেমাটির টিজার। সিনেমাটি আসন্ন ঈদ-উল-আজহায় মুক্তি পাবে।

টিজারের শুরুতেই শোনা যায়, ‘‘আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে। আজ দেশজুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে। দেশের সব পুলিশ স্টেশনকে ১০ নম্বর মহাবিপদসংকেত দেখাতে বলা হয়েছে। সমগ্র দেশের তাপমাত্রা আর বাতাসের গতিবেগ আজ অস্বাভাবিক রকম ভয়ংকর। সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছেন, সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে।’’ এভাবেই শুরু হয় সিনেমাটির ফোরকাস্ট। ১ মিনিট ৪১ সেকেন্ডের এই পূর্বাভাসের প্রথমাংশে এভাবেই দেওয়া হলো সতর্কবার্তা।

‘তাণ্ডব’ সিনেমার দৃশ্য/স্ক্রীনশট

ফার্স্ট লুক পোস্টার প্রকাশের পর থেকেই ধারণা করা যাচ্ছিল যে এবার সত্যি সত্যিই তাণ্ডব নিয়ে হাজির হবেন সুপারস্টার শাকিব খান ও নির্মাতা রায়হান রাফি। আর টিজার প্রকাশের পর তা যেন আরও কয়েকগুণ বেড়ে গেল। এবারের ঈদে যে ‘‘তাণ্ডব’’ বিশ্বজুড়ে তাণ্ডব চালাবে তার আর বলার অপেক্ষা রাখে না।

টিজারের শেষ দিকে অস্ত্র হাতে দেখা গেছে অভিনেত্রী জয়া আহসানকে। পরিপাটি দৃষ্টিতে একরকম রহস্যই রেখে গেছেন তিনি। টিজারের শুরু থেকে অধিকাংশ সময়জুড়ে আছে রহস্যময় মাঙ্কি মাস্ক। শাকিব খানসহ আরও কয়েকজন এই মাস্ক পড়ে আছেন।

সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ-প্রযোজনায় রয়েছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত। এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘‘মাত্রতো সিনেমাটির কিছু দৃশ্য দেখলেন দর্শক। এতে করে দর্শকদের সিনেমাটি নিয়ে একরকম আগ্রহ তৈরি হবে। স্বাভাবিকভাবেই প্রচারের জন্য আরও অনেক কিছুই আসবে। সেগুলো দর্শকদের ভালো লাগবে আশা করি। তবে আমাদের লক্ষ্য, সিনেমাটি দেখে যেন দর্শকেরা তৃপ্ত হন। তাহলেই আমাদের স্বার্থকতা।’’

‘তাণ্ডব’ সিনেমার দৃশ্য/স্ক্রীনশট

গত দুই ঈদে রায়হান রাফী পরিচালিত সিনেমাগুলো সুপারহিট হয়েছে। আসন্ন ঈদ-উল-আজহায়ও তার ব্যতিক্রম হবে না বলে মনে করছেন তিনি। রায়হান রাফী বললেন, ‘‘এবারের কাজটাও এমনভাবে করতে চেয়েছি, যা দেশের সিনেমায় আগে কেউ দেখেনি। দর্শকদের ভালো কিছু দেওয়ার প্রত্যয় সবসময় থাকে। এবারও দর্শকেরা সিনেমায় নতুন কিছু পাবেন।’’