গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়েছে আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে।
সোমবার (১৯ মে) বেলা আড়াইটার দিকে তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে সিনিয়র সুপার কাওয়ালীন নাহার জানান, বেলা আড়াইটার দিকে প্রিজন ভ্যানে করে নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানো হয়।
ভাটারা থানার পুলিশের একটি সূত্র জানায়, গ্রেপ্তারের পর নুসরাত ফারিয়াকে সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তোলা হয়। নুসরাতের পক্ষে তার আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। শুনানিতে তারা দাবি করেন, নুসরাত ৯ জুলাই থেকে বিদেশে ছিলেন। দেশে ফেরেন ১৪ অগাস্ট। তিনি আন্দোলনের পক্ষে ছিলেন।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। জামিনের বিষয়ে ২২ মে শুনানির দিন ধার্য করে নুসরাতকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারাজানা হক।
গত রবিবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতিকালে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে ভাটারা থানায় জুলাই গণঅভ্যুত্থানের সময় দায়ের হওয়া একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তার জামিন শুনানির জন্য ২২ মে দিন ধার্য করা হয়েছে।