‘পাপারাজ্জি মিট’ খেয়ে অসুস্থ অনিবার্ণ

শুটিং এর কাজে সপ্তাহ দুই আগে নাইজেরিয়ায় যান ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। সেখানকারই বিখ্যাত “পাপারাজ্জি মিট” নামের একটি নাইজেরিয়ান মাংসের পদ খেয়ে টেস্ট করেন অভিনেতা। কিন্তু কলকাতায় ফেরার পর অসুস্থ হয়ে যান তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানালেন তার এই ভোগান্তির কথা।

পরিচালক-অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার ডটকমকে জানান, দুই সপ্তাহ আগে নাইজেরিয়ায় একটি বিদেশি সিনেমার শুটিংয়ে গিয়েছিলেন তিনি। নাইজেরিয়ার লাগোস ফিল্ম সিটিতে ‘‘নো নিউজ ওনলি ফ্লেশ” নামে একটি সিনেমার শুটিং ছিল।

সিনেমাটির পরিচালনার দায়িত্বে রয়েছেন ব্রায়ান গোমস। সেই সিনেমাতেই একটি ছোট চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অনির্বাণকে। ই-মেইলে যোগাযোগ হয়, তারপর সিনেমার কাজের সূত্রেই আফ্রিকায় যান এই অভিনেতা। কাজের পাশাপাশি সেখানের জনপ্রিয় খাবারও চেখে দেখেন তিনি।

তিনি আরও জানান, নাইজেরিয়ায় একদম অন্য ধরনের খাবার পাওয়া যায়। লাগোস ফিল্ম সিটির মধ্যেই একটি নতুন স্বাদের মাংসের পদ পাওয়া যায়। নাম পাপারাজ্জি মিট। আমাকে খেয়ে দেখার অনুরোধ করা হয়। কিসের মাংস বুঝতে পারিনি। তখন তো ভালোই লেগেছে। সেখানে যত দিন ছিলাম, তত দিনই আমার হজমের খুব সমস্যা হয়েছে, এমনও নয়। দিন সাতেক আগে বাড়িতে ফিরেই মারাত্মক পেটের সমস্যা দেখা দিল। যা খাচ্ছি, বদহজম হয়ে যাচ্ছে।

এরপরই সরকারি হাসপাতালে যান অভিনেতা। চিকিৎসকের পরামর্শ নেন। ঘটনা শুনে চিকিৎসক জানান, সম্ভবত অনির্বাণের এই বিদেশি খাবার সহ্য হয়নি। আপাদাত কিছুদিন অভিনেতাকে চিকিৎসকের পরামর্শ মেনেই চলতে হবে।