মানসিক ভারসাম্য হারিয়ে রাস্তায় শুয়ে ছিলেন সমু চৌধুরী

অভিনেতা সমু চৌধুরীকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মুখী শাহ মিসকিন মাজারের পাশে থেকে বিধ্বস্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি দেখে উপজেলার পাগলা থানা পুলিশ গিয়ে মাজারের পাশ থেকে তাকে উদ্ধার করে।

এদিন সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা সমু চৌধুরীর ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ে। মুহূর্তেই সমু চৌধুরীর এই ছবি ভাইরাল হয়ে পড়ে। অনেকেই মনে করেছিলেন এটি শুটিংয়ের ছবি। কিন্তু তা নয়, তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে মাজারের নিচে শুয়েছিলেন।

পুলিশ জানায়, স্থানীয় মামুন নামে এক যু্বক প্রথমে সমু চৌধুরীর ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। তারপরই বিষয়টি মানুষের নজরে আসে।

ছবিতে অভিনেতা সমু চৌধুরীকে মাজারের পাশে একটি গাব গাছের নিচে পাটিতে গামছা পরা অবস্থায় শুয়ে থাকতে দেখা গেছে। তার পাশে একটি পানির বোতল এবং মাথার কাছে একটি কাপড়ের পুতুল রয়েছে।

ছবি পোস্ট করে একজন জানান, মানসিক ভারসাম্য হারিয়ে ময়মনসিংহের গফরগাঁও শাহ মিসকিন মাজারের ঐতিহ্যবাহী গাব গাছের নিচে শুয়ে আছেন অভিনেত্রী সমু চৌধুরী। মনে হচ্ছে উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। উনার আত্মীয়স্বজন বা কাছের প্রিয়জনদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা চলচ্চিত্রের এই ব্যক্তিটিকে সাহায্য করুন। যেন উনি, উনার প্রিয়জনদের কাছে সুস্থ ভাবে ফিরে যেতে পারেন।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সংবাদমাধ্যমকে বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে বিধ্বস্ত অবস্থায় পেয়েছে। তাকে থানায় নিয়ে আসার জন্য অনেক অনুরোধ করা হয়েছে। কিন্তু তিনি আসবেন না।”

তিনি আরও বলেন,“ঢাকায় তার সহকর্মী ও পরিবারের লোকজন বিষয়টি জেনেছেন। তারা সেখানে আসছেন। মাজার থেকেই তারা অভিনেতাকে ঢাকায় নিয়ে যাবেন বলে জানিয়েছেন।”

ওসি জানান, সমু চৌধুরী কীভাবে এখানে এসেছেন, কখন এসেছেন- এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

সমু চৌধুরী রাস্তায় শুয়ে আছেন

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু সংবাদমাধ্যমকে বলেন, “সমু চৌধুরীর ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিকভাবে পরিচিতদের সঙ্গে আলাপ করে বিষয়টি নিশ্চিত হওয়ার পর আমরা থানায় যোগাযোগ করি। সমু'দাকে আমরা পার্শ্ববর্তী সেইফ জায়গায় নিয়ে এসেছি। ওনার মানসিক ও শারীরিক কন্ডিশনের ওপর ভিত্তি করে যত দ্রুত সম্ভব আমরা ঢাকায় নিয়ে আসবো।”

প্রসঙ্গত, দেশের মঞ্চ, টিভি এবং সিনেমার জনপ্রিয় একজন অভিনেতা সমু চৌধুরী। ১৯৯০ সালে বিটিভিতে প্রচারিত হয় তার অভিনীত প্রথম টিভি নাটক “সমৃদ্ধ অসীম”।