অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন সৃজিত

ভারতীয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় নাকি প্রেম করছেন! বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। তার কথিত প্রেমিকা আর কেউ নন, ভারতীয় অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। সম্প্রতি ‘‘ডিয়ার মা’’ সিনেমার প্রিমিয়ারে দুজনের একসঙ্গে উপস্থিত হওয়ার বিষয়টি যেন সেই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন সৃজিত মুখোপাধ্যায়। খবর ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের।

সম্প্রতি সৃজিত নতুন সিনেমার শুটিংয়ে পুরো টিম নিয়ে পুরীতে গিয়েছিলেন। সেখানে নীলাচলের সৈকত থেকেই সমুদ্রকে সাক্ষী রেখে একসঙ্গে একটি সেলফি তুলেছিলেন সৃজিত-সুস্মিতা। অভিনেত্রী সেই ছবি শেয়ার করার পর প্রেমের গুঞ্জন যেন আরও ডালপালা মেলতে শুরু করেছে। দুজনে নাকি একান্ত সময়ও কাটিয়েছেন শুটিংয়ে!

এ প্রসঙ্গে সুস্মিতা বলেন, ‘‘আমরা দুজনে ভীষণ ভালো বন্ধু। বলা যেতে পারে খুব অল্প দিনেই ক্লোজ ফ্রেন্ড (কাছের বন্ধু) হয়ে গেছি আমরা। এসব যারা বলছেন, সেটা নিয়ে আমার সত্যিই কিছু বলার নেই।’’

সুস্মিতা চট্টোপাধ্যায়-সৃজিত মুখার্জি

এ বিষয়ে সৃজিত বলেন, ‘‘২০২৫ সালের এই সময় দাঁড়িয়ে একটা সেলফিকে কেন্দ্র করে যে এত কথা হচ্ছে, সেটা ভেবেই আমি অবাক হচ্ছি! আমরা পিরিয়ড ড্রামা তৈরি করছি ঠিকই, কিন্তু দাঁড়িয়ে আছি তো বর্তমান সময়েই। তাই রিলাক্স! একটা ছবি নিয়ে এত তোলপাড় করবেন না।’’