শৈশব মানেই খেলার ছলে শেখা, নতুন কিছু জানার কৌতূহল আর নিজের মতো করে পৃথিবীকে আবিষ্কার করা। কিন্তু বৈষম্য, দারিদ্র্য কিংবা শিক্ষার সুযোগের অভাবে অনেক শিশুর সেই শৈশব থমকে যায়। শিশুদের এমন নানা বাস্তবতা ও অধিকারকে সহজ গল্পে তুলে ধরেছিল কার্টুন চরিত্র ‘মীনা’। দক্ষিণ এশিয়ার শিশুদের কাছে তাই মীনা শুধু বিনোদনের চরিত্র নয়, সচেতনতারও এক পরিচিত মুখ।
আজ ২৪ সেপ্টেম্বর মীনা দিবস। শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, অধিকার ও সমতার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে প্রতিবছর দিবসটি পালিত হয়।
মীনার জন্ম যেভাবে
১৯৯০ থেকে ২০০০ সালকে ‘মেয়েশিশুর দশক’ ঘোষণা করেছিল দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)। ওই সময় মেয়েশিশুদের শিক্ষা ও অধিকার নিয়ে সচেতনতা বাড়াতে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) একটি অ্যানিমেটেড সিরিজ তৈরির উদ্যোগ নেয়। সেই উদ্যোগ থেকেই জন্ম হয় মীনা চরিত্রের।
মীনা নয় বছরের একটি মেয়ে। তার সঙ্গে রয়েছে ছোট ভাই রাজু ও পোষা টিয়াপাখি মিঠু। মীনার গল্পে উঠে আসে মেয়েদের স্কুলে যাওয়া, শিশুর অধিকার, স্বাস্থ্য, পুষ্টি ও সামাজিক বৈষম্যের মতো নানা বিষয়। কখনো সে স্কুলে যাওয়ার জন্য লড়াই করে, কখনো মেয়েশিশুর প্রতি বৈষম্যের প্রতিবাদ করে। আবার কোনো গল্পে স্বাস্থ্যবিধি, নিরাপদ পানি কিংবা পুষ্টিকর খাবারের গুরুত্ব সামনে আসে।
গুরুতর এসব বিষয়কে শিশুদের উপযোগী সহজ গল্পে তুলে ধরাই ছিল মীনার অন্যতম বৈশিষ্ট্য। ফলে বিনোদনের মধ্য দিয়েই শিশুদের কাছে পৌঁছে যেত গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা।
বাংলাদেশে মীনার যাত্রা
বাংলাদেশে মীনা কার্টুনের প্রথম পর্ব প্রচারিত হয় ১৯৯৩ সালে বাংলাদেশ টেলিভিশনে। ‘মুরগিগুলো গুনে রাখো’ নামের ওই পর্বে স্কুলে যাওয়ার জন্য মীনার সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছিল।
এরপর মীনা দ্রুত পরিচিত হয়ে ওঠে। কার্টুনের পাশাপাশি কমিক বই, রেডিও অনুষ্ঠান ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমেও ছড়িয়ে পড়ে তার গল্প। টেলিভিশনের পর্দা পেরিয়ে শিশুদের শেখার জগতেরও অংশ হয়ে ওঠে চরিত্রটি।
দক্ষিণ এশিয়াজুড়ে জনপ্রিয়তা
মীনার জনপ্রিয়তা বাংলাদেশে সীমাবদ্ধ থাকেনি। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে স্থানীয় ভাষায় এর প্রচার হয়েছে। ভিন্ন ভাষা ও সংস্কৃতির শিশুদের কাছেও মীনার গল্প সহজে গ্রহণযোগ্য হয়ে ওঠে, কারণ গল্পগুলোর বিষয় ছিল তাদের পরিচিত জীবনের নানা সমস্যা।
মেয়েশিশুর শিক্ষা, শিশুশ্রম, বাল্যবিয়ে, স্বাস্থ্য, পুষ্টি ও বৈষম্যের মতো বিষয় নিয়ে মীনার গল্প শিশুদের পাশাপাশি পরিবার ও সমাজকেও ভাবিয়েছে। বিশেষ করে মেয়েদের পড়াশোনার অধিকার ও সমতার বার্তা ছিল এই চরিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ দিক।
কেন ২৪ সেপ্টেম্বর মীনা দিবস?
১৯৯৮ সাল থেকে প্রতিবছর ২৪ সেপ্টেম্বর মীনা দিবস পালিত হয়ে আসছে। মেয়েশিশুর বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করা, ঝরে পড়া রোধ এবং শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর এ দিবসে গুরুত্ব দেওয়া হয়।
তবে মীনা দিবস শুধু একটি কার্টুন চরিত্রকে মনে করার উপলক্ষ নয়। একটি শিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করার বিষয়টিও সামনে আনে এই দিন।
সময় বদলেছে, বার্তা রয়ে গেছে
মীনার যাত্রা শুরু হয়েছিল কয়েক দশক আগে। এর মধ্যে শিশুদের জীবনযাপন ও বিনোদনের মাধ্যম অনেক বদলে গেছে। টেলিভিশনের পাশাপাশি এখন তাদের বড় একটি অংশের সময় কাটে স্মার্টফোন ও ডিজিটাল প্ল্যাটফর্মে। কিন্তু মেয়েশিশুর শিক্ষা, বাল্যবিয়ে, শিশুশ্রম, স্বাস্থ্য কিংবা বৈষম্যের মতো বিষয়গুলো এখনো আলোচনার বাইরে চলে যায়নি।
সেখানেই মীনার গল্পের প্রাসঙ্গিকতা। সময়ের সঙ্গে মাধ্যম বদলালেও একটি শিশুর স্কুলে যাওয়ার অধিকার, নিজের মত প্রকাশের সুযোগ এবং নিরাপদ শৈশয়ের প্রয়োজন বদলায়নি।
মীনা তাই কেবল পর্দার একটি কার্টুন চরিত্র নয়; অনেক শিশুর কাছে সে সাহস করে প্রশ্ন করতে শেখার এক পরিচিত বন্ধু। মীনা দিবস সেই বার্তাই নতুন করে মনে করিয়ে দেয় - কোনো শিশুর স্বপ্ন যেন তার লিঙ্গ, পারিবারিক অবস্থা কিংবা সামাজিক পরিচয়ের কারণে থেমে না যায়।