গাড়ি কেনা সহজ, কিন্তু তার যত্ন নেওয়াটাই আসল কাজ। অনেকেই মনে করেন, গাড়ি একবার কিনলেই হলো, তেল ভরালেই বছরের পর বছর চলে যাবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। গাড়ি ঠিক আপনার শরীরের মতোই- যত্ন নিলে যেমন সুস্থ থাকে, তেমনই অবহেলা করলে দ্রুত খারাপ হয়ে যায়।
নিয়মিত রক্ষণাবেক্ষণ করলে আপনার গাড়ি শুধু দীর্ঘদিন টিকবেই না, বরং কম খরচে, নিরাপদ এবং আরামদায়ক ড্রাইভ উপহার দেবে।
আজকের দিনে গাড়ি শুধু যানবাহন নয়, বরং আপনার সেফটি, পরিবারের স্বাচ্ছন্দ্য, এমনকি আপনার সময় বাঁচানোর সঙ্গী। তাই গাড়িকে ভালোবেসে, যত্ন নিয়ে ব্যবহার করা প্রতিটি গাড়ি মালিকেরই দায়িত্ব। চলুন জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ টিপস, যা আপনার গাড়ির আয়ু বাড়াবে সহজেই।
টায়ার ও ব্যাটারির যত্ন- টায়ারের খাঁজ স্বাভাবিক আছে কি-না দেখুন, এবং প্রয়োজনমতো বদলান। ভালো ব্র্যান্ডের টায়ার (যেমন MRF, Bridgestone) ব্যবহার করুন। আর ব্যাটারির ক্ষমতা যেন হ্রাস না পায়, সে জন্য সপ্তাহে অন্তত একবার ইঞ্জিন চালু করুন, বিশেষ করে যদি গাড়ি ব্যবহার না করেন। টার্মিনাল পরিষ্কার রাখুন এবং গাড়ি ঠান্ডা, শুষ্ক স্থানে রাখুন।
নিয়মিত ইঞ্জিন অয়েল পরিবর্তন- ম্যানুয়ালের নির্দেশনা মেনে প্রতি ১৫,০০০ কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল, ব্রেক ফ্লুইড, কুল্যান্ট এবং ট্রান্সমিশন ফ্লুইড পরিবর্তন করুন। এয়ার ফিল্টারও সময়মতো বদলানো জরুরি, ধুলোবালি বেশি থাকলে ১০,০০০ কিলোমিটার পর পর বদলানো উত্তম।
গাড়ির রঙ ও বাইরের অংশ রক্ষা করুন- টেফলন কোটিং (৪-৬ মাস স্থায়ী) বা সিরামিক কোটিং (২-৩ বছর স্থায়ী) ব্যবহার করুন। এতে স্ক্র্যাচ কমবে, গাড়ির রঙ উজ্জ্বল থাকবে। চাইলে পেইন্ট প্রটেকশন ফিল্ম (পিপিএফ) ব্যবহার করতে পারেন, যা তুলনায় ব্যয়বহুল হলেও দীর্ঘমেয়াদি সুরক্ষা দেবে।
যন্ত্রের যত্ন নিন- গাড়ি চালানোর সময় হঠাৎ গিয়ার পরিবর্তন, হাই আরপিএম-এ রাফ ড্রাইভিং থেকে বিরত থাকুন। ধীরে গতি তুলুন, প্রয়োজনে ইঞ্জিন ব্রেকিং কম ব্যবহার করুন। এতে ইঞ্জিন, গিয়ারবক্স ও সাসপেনশন দীর্ঘদিন ভালো থাকবে।
এয়ার কন্ডিশনার নিয়মিত ব্যবহার করুন- অনেকেই মনে করেন, এসি বন্ধ রেখে খরচ বাঁচানো যায়। কিন্তু, এসি সিস্টেম নিয়মিত ব্যবহার না করলে রেফ্রিজারেন্ট লিক হতে পারে। বরং জানালা খোলা রেখে গাড়ি চালালে ড্র্যাগ তৈরি হয়। যখন গাড়ি চলে, তখন বাতাসের সঙ্গে ঘর্ষণ হয়, একে ড্র্যাগ বলে। জানালা খোলা থাকলে গাড়ির ভেতরে বাতাসের চাপ বাড়ে, যা গাড়ির গতির উপর প্রভাব ফেলে এবং ইঞ্জিনের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। এর ফলে গাড়ির জ্বালানি খরচও বাড়ে।
স্পার্ক প্লাগ ও ব্রেক প্যাড পরীক্ষা করুন- স্পার্ক প্লাগ (যদি প্লাটিনাম বা ইরিডিয়াম না হয়) প্রতি ২০,০০০ কিমিতে পালটান। ব্রেক প্যাড ৪০,০০০ কিমি পর্যন্ত টিকে, তবে ব্রেকিং ক্ষমতা কমে গেলে বদলান। ব্রেক ডিস্ক সাধারণত ৭০,০০০-৭৫,০০০ কিমি পর্যন্ত ভালো থাকে যদি দৃশ্যমান ক্ষতি না থাকে।
ওয়াইপার ব্লেড পরিবর্তন- উষ্ণ ও শুষ্ক আবহাওয়ায় ওয়াইপার দ্রুত নষ্ট হয়। তাই প্রতি মৌসুমে অথবা সমস্যা দেখা দিলেই নতুন ব্লেড লাগান।
গাড়ি আপনার প্রতিদিনের সঙ্গী। তাই নিয়মিত যত্ন নিন, ছোট খরচে গাড়িকে রাখুন নতুনের মতো। এতে আপনার যাত্রা হবে নিরাপদ, আর গাড়ির আয়ু বাড়বে অনেকগুণ।