ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৬৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ২৭২ জনে দাঁড়িয়েছে। ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৬ জন।
বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ডেঙ্গু প্রতিবেদনে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ৪৩০ জন পুরুষ ও ২৪১ জন নারী। মারা যাওয়া দুজনের একজনের বয়স ৬ থেকে ১০ বছর, অন্যজনের ৩১ থেকে ৩৫ বছর।
বিভাগীয় হিসেবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন বরিশালে, ১৩৩ জন। খুলনায় ১০৩, রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৮৩, ঢাকায় ৭০ ও ময়মনসিংহে ৩৫ জন আক্রান্ত হয়েছেন। রংপুরে ছয়জন ও সিলেটে তিনজন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে খুলনা ও ঢাকায় একজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছরে হাসপাতালে ভর্তি ২৬ হাজার ২৭২ রোগীর মধ্যে ২৪ হাজার ৩৭৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ১ হাজার ৮২২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬২৭ জন।