গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে নতুন করে ২০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ আগস্ট, ভর্তি হয়েছিলেন আরও ২১৫ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬১৮ জন ডেঙ্গু রোগী। গত দুই দিনে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
সোমবার (২৪ আগস্ট) খুলনা বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) দপ্তরের ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ আগস্ট পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪,৮০৬ জন। এ সময়ে ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৪,০৮৯ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৬১৮ জন এবং এ পর্যন্ত ৮৩ জন রোগীকে রেফার্ড করা হয়েছে।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ২০২ রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৬ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৬ জন।
জেলা ও হাসপাতালভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় নতুন করে ৮৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৪১ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৬ জন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৬ জন।
এছাড়া, বাগেরহাটে ১৪ জন, যশোরে ১৭ জন, ঝিনাইদহে ০ জন, সাতক্ষীরায় ২ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, মাগুরায় ৪ জন, নড়াইলে ১৩ জন, কুষ্টিয়ায় ২ জন, চুয়াডাঙ্গায় ৩ জন এবং মেহেরপুরে ২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
হাসপাতালগুলোতে চিকিৎসাধীনদের মধ্যে রয়েছে খুলনায় ২৫৫ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫৬ জন, বাগেরহাটে ৮৯ জন, যশোরে ৪৯ জন, ঝিনাইদহে ১২ জন, সাতক্ষীরায় ৭ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, মাগুরায় ৮ জন, নড়াইলে ১০ জন, কুষ্টিয়ায় ৩ জন, চুয়াডাঙ্গায় ৩ জন এবং মেহেরপুরে ৬ জন।