দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে ১,১৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের হালনাগাদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২৬ জনে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট ১ লাখ ৭৭ হাজার ১৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে ১ লাখ ৭১ হাজার ৭৫০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।