আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের নিরাপত্তারক্ষীদের পরিচালিত এক অভিযানে ৩৩ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই “জঙ্গি গোষ্ঠির সদস্য” বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী।
শুক্রবার (৯ আগস্ট) হতাহতের এই ঘটনা ঘটে। দেশটির বালোচিস্তান প্রদেশের জোব জেলায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকে সফল বলে সেনাবাহিনীর প্রশংসা করেছে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, “জঙ্গি গোষ্ঠির সদস্যরা” সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে প্রবেশের চেষ্টা করছিল। এই জঙ্গিরা “ভারতের সমর্থনপুষ্ট” বলেও দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। যদিও এই দাবির স্বপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি।
উল্লেখ্য, পাকিস্তানি তালেবান এবং বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে নয়াদিল্লি, দীর্ঘদিন ধরেই এমন অভিযোগ করে আসছে পাকিস্তান। তাছাড়া সীমান্তে “জঙ্গি কার্যক্রমের” বিষয়ে আফগানিস্তানের তালেবান সরকার উদাসীন বলেও অভিযোগ ইসলামাবাদের। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে ভারত এবং আফগানিস্তান।
এদিকে শুক্রবার বেলুচিস্তানের প্রাদেশিক সরকার জানায়, আগস্টের শেষ পর্যন্ত এই অঞ্চলে ইন্টারনেট সেবা বন্ধ থাকবে।
বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো পাকিস্তানের এই অঞ্চলটিতে বছরের পর বছর ধরেই কার্যক্রম চালিয়ে আসছে। তাছাড়া স্বাধীনতাকামী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি এবং পাকিস্তানি তালেবানও এই অঞ্চলে তৎপর রয়েছে। সাম্প্রতিক সময়ের বেশিরভাগ সহিংস ঘটনাগুলোর সঙ্গে পাকিস্তানি তালেবান জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। পাকিস্তানি তালেবান আফগান তালেবান থেকে ভিন্ন হলেও তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।