ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার নির্ধারিত বৈঠক বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ভারতে আসবে না। এনডিটিভি প্রফিটের বরাত দিয়ে সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
শনিবার (১৬ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৫ থেকে ২৯ আগস্ট নয়াদিল্লিতে এই বৈঠক হওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না।
প্রতিবেদনে বলা হয়, এই চুক্তি নিয়ে আলোচনা অন্য কোনো সময় হতে পারে। তবে বৈঠক স্থগিত হওয়ায় আলোচনার নতুন তারিখও অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে ২৭ আগস্ট থেকে ভারতীয় পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক স্থগিত বা প্রত্যাহারের সম্ভাবনা আপাতত ভেস্তে গেল।
চলতি মাসের শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপের ঘোষণা দেন। রাশিয়ার অপরিশোধিত তেল আমদানির শাস্তি হিসেবে ট্রাম্প এই শুল্ক আরোপ করেন।
২৭ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হলে কিছু ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ৫০% পর্যন্ত দাঁড়াবে। চলমান বাণিজ্য যুদ্ধে যুক্তরাষ্ট্র যত শুল্ক আরোপ করেছে, তার মধ্যে এ হার সর্বোচ্চ।
এর আগে, ওয়াশিংটন-নয়াদিল্লির পাঁচ দফা বৈঠক ব্যর্থ হয়েছে। ভারতের কৃষি ও দুগ্ধ খাত উন্মুক্ত করা এবং রুশ তেল আমদানি বন্ধের মতো ইস্যুতে দুই দেশ কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, শুধুমাত্র রুশ তেল কেনার জন্য দেশটিকে অন্যায়ভাবে লক্ষবস্তু করা হচ্ছে, অথচ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন নিজেরা এখনও রাশিয়া থেকে পণ্য আমদানি করছে।