ইরান থেকে বিতাড়িত আফগানদের বহনকারী একটি বাস আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশে এসে দুর্ঘটনার কবলে পড়েছে। এতে অন্তত ৭১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৭টি শিশুও রয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যার দিকে হেরাতের গুজারা শহরে এই দুর্ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন হেরাত প্রাদেশিক সরকারের মুখপাত্র আহমাদুল্লাহ মুত্তাকি।
আহমাদুল্লাহ মুত্তাকি ও স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, ইরান থেকে আসা আফগানদের বহনকারী বাসটির একটি ট্রাক ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় বাসটিতে আগুন ধরে যায়। অতিরিক্ত গতি ও চালকের অসাবধানতার কারণে দুর্ঘটনাটি ঘটে বলে জানায় হেরাত প্রদেশের পুলিশ।
সড়ক দুর্ঘটনার এক দিন আগে সোমবার ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি ঘোষণা দেন, আগামী মাসের মধ্যে ইরান থেকে আরও ৮ লাখ মানুষকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক আফগান রয়েছেন।
এ ঘটনায় হেরাতের প্রাদেশিক সরকারের কর্মকর্তা ইউসুফ সায়েদি জানান, ইরান থেকে আসা বাসটি ইসলাম কালা সীমান্তক্রসিং পেরিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলে যাচ্ছিল। বাসটির মাত্র তিনজন যাত্রী বেঁচে আছেন।
আফগানিস্তানের তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ নিশ্চিত করে জানিয়েছেন, বাস দুর্ঘটনায় হতাহত ব্যক্তিরা ইরান থেকে বিতাড়িত হয়েছিলেন। তবে তাৎক্ষণিকভাবে এর বিস্তারিত কিছু জানাননি তিনি।