অসুস্থ মেয়ের জন্য খাবার-ওষুধ আনতে গিয়ে গুলিতে ফিলিস্তিনি বাস্কেটবল তারকা নিহত

গাজার খান ইউনিসে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিন জাতীয় বাস্কেটবল দলের সাবেক তারকা মোহাম্মেদ শালান।

বৃহস্পতিবার (২১ আগস্ট) এ খবর জানিয়েছে মিডল ইস্ট আই।

৪০ বছর বয়সী শালান ওই সময় তার অসুস্থ মেয়ে মরিয়ম এবং পরিবারের জন্য খাবার ও ওষুধ সংগ্রহ করতে গিয়েছিলেন। স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, মরিয়ম রক্তে বিষক্রিয়া ও কিডনি সমস্যায় ভুগছিলেন। মেয়ের চিকিৎসার জন্য শালান বারবার আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছিলেন।

মোহাম্মেদ শালান ছিলেন ফিলিস্তিন ক্রীড়াঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ। খেলার মাঠে তাকে "আল-জিলজাল" (ভূমিকম্প) নামে ডাকা হতো তার আক্রমণাত্মক খেলার স্টাইলের কারণে। ফিলিস্তিন জাতীয় দলের পাশাপাশি তিনি খেলেছেন খাদামাত আল-বুরেইজ, খাদামাত আল-মাগাজি এবং খাদামাত খান ইউনিস-এর মতো জনপ্রিয় ক্লাবগুলোর হয়ে।

 মানবিক বিপর্যয়ের এই সময়ে একজন ক্রীড়াবিদের এমন মৃত্যু আরও একবার তুলে ধরেছে গাজায় চলমান সংকটের ভয়াবহতা।