ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা আটক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে বাংলাদেশের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত চৌকির কাছ থেকে তিনি অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিলেন বলে জানিয়েছে বিএসএফ।

বিএসএফের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ওই কর্মকর্তাকে সন্দেহজনকভাবে সীমান্ত অতিক্রম করতে দেখে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার হওয়া কাগজপত্র থেকে তিনি বাংলাদেশ পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলে নিশ্চিত হওয়া গেছে।

পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

এক কর্মকর্তা সংবাদমাধ্যম এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে (এএনআই) বলেন, “আটক কর্মকর্তা এককভাবে প্রবেশের চেষ্টা করেছিলেন, না-কি কোনো চক্রের হয়ে কাজ করছিলেন, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনা সীমান্তে সর্বক্ষণ সতর্ক থাকার প্রয়োজনীয়তা আরও একবার সামনে এনেছে। পশ্চিমবঙ্গ পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানো হয়েছে।”

ভারতীয় কর্মকর্তারা জানান, এ ধরনের ঘটনা অত্যন্ত বিরল। এর আগে কোনো দায়িত্বে থাকা বাংলাদেশি পুলিশ কর্মকর্তা ভারতীয় ভূখণ্ডে এভাবে প্রবেশ করতে গিয়ে ধরা পড়েননি।