গাজায় সামরিক অভিযান বন্ধের দাবিতে ইসরায়েলে বিক্ষোভ, সড়ক অবরোধ

গাজায় চলমান সামরিক অভিযান অবিলম্বে বন্ধ ও হামাসের হাতে আটক থাকা বাকি জিম্মিদের দ্রুত ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল থেকে বিক্ষোভকারীরা দেশটির বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছেন। এতে জিম্মিদের পরিবারের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নিয়েছেন।

দেশজুড়ে এই বিক্ষোভের আয়োজন করেছে “হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিস ফোরাম” নামের একটি প্ল্যাটফর্ম। তারা অনেকদিন ধরেই জিম্মিদের মুক্তির বিষয়টিতে সরকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলে আসছেন।

প্ল্যাটফর্মটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে, যাতে তিনি যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করতে সহায়তা করেন এবং হামাসের হাতে আটক থাকা জিম্মিদেরকে মুক্ত করতে ভূমিকা রাখেন।

ধারণা করা হচ্ছে, হামাস যাদের জিম্মি করে নিয়ে গিয়েছিল, তাদের মাঝে ২০ জন এখনো জীবিত আছেন।

এদিকে, ইসরায়েলের প্রধান প্রধান সড়ক অবরোধ করে এই বিক্ষোভ চলায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। দেশজুড়ে মহাসড়কগুলোতে এখন গাড়ির দীর্ঘ সারি দেখা যাচ্ছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

তেল আভিভের উত্তরে ইয়াকুম জংশনের কাছে কোস্টাল হাইওয়ে বা রুট টু-তে বিক্ষোভকারীরা সড়কের মাঝখানে আগুন জ্বালিয়ে দেওয়ায় ওই মহাসড়ক পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

ইসরায়েলজুড়ে এই প্রতিবাদটি এমন এক সময়ে হচ্ছে, যখন গাজায় নতুন করে ইসরায়েলি বিমান হামলা চলছে এবং ইসরায়েল সেখানে স্থল অভিযান চালানোরও প্রস্তুতি নিচ্ছে।

এর আগে গতকাল দক্ষিণ গাজার একটি হাসপাতালে ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন নিহত হয়। নিহতদের মধ্যে পাঁচজন সাংবাদিক এবং চার জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।