নারীদের ভোট ছাড়াও যে ৫ কারণে পশ্চিমবঙ্গে মমতার ভরাডুবি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোটগণনা শেষ হলেও ফলাফল ঘিরে রাজনৈতিক উত্তাপ এখনো তুঙ্গে। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এখনও পরাজয় মেনে নিতে নারাজ। দলটির নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, নির্বাচন কমিশনের সহায়তায় তাদের কাছ থেকে একাধিক আসন “লুট” করা হয়েছে।

তবে অভিযোগ–পাল্টা অভিযোগের মাঝেও পরিষ্কার—দীর্ঘ ১৫ বছরের শাসনের পর তৃণমূল কংগ্রেস বড় ধরনের নির্বাচনী ধাক্কা খেয়েছে, আর বিজেপি প্রথমবারের মতো শক্ত অবস্থানে উঠে এসেছে।

নির্বাচনী ফলাফল বিশ্লেষণে উঠে এসেছে তৃণমূলের ভরাডুবির পেছনে পাঁচটি প্রধান কারণ—


নারী ভোটে ভাঙন

দীর্ঘদিন নারী ভোট ছিল তৃণমূলের প্রধান শক্তি। ‘লক্ষ্মীর ভান্ডার’ বা ‘কন্যাশ্রী’র মতো প্রকল্প জনপ্রিয়তা পেলেও নারী নিরাপত্তা ইস্যুতে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। আরজিকর কাণ্ডের মতো ঘটনাগুলো ভোটে নেতিবাচক প্রভাব ফেলেছে।

ভোটার তালিকা বিতর্ক

ভোটার তালিকার নিবিড় সংশোধনে প্রায় ৯০ লাখ নাম বাদ পড়া বড় বিতর্ক তৈরি করে। তৃণমূলের অভিযোগ—এতে তাদের সমর্থকরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে বিজেপির দাবি—ভুয়া ভোট বাদ যাওয়ায় নির্বাচনী প্রক্রিয়া আরও স্বচ্ছ হয়েছে।

দুর্নীতি ও কর্মসংস্থানের সংকট

দীর্ঘ শাসনামলে দুর্নীতির অভিযোগ তৃণমূল সরকারের ওপর বড় চাপ তৈরি করে। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি, কাটমানি ও সিন্ডিকেট সংস্কৃতি নিয়ে জনঅসন্তোষ বাড়ে। পাশাপাশি কর্মসংস্থানের ঘাটতি যুবসমাজকে হতাশ করে তুলেছে।

ধর্মীয় মেরুকরণ

মুসলিম ভোট দীর্ঘদিন তৃণমূলের দিকে থাকলেও এবার হিন্দু ভোটের বড় অংশ একজোট হয়ে বিজেপির দিকে ঝুঁকেছে বলে বিশ্লেষকদের ধারণা। 
বিবিসি বলছে, পশ্চিমবঙ্গের জনসংখ্যার মোটামুটি ৩০ শতাংশের কাছাকাছি মুসলিম – আর এর মধ্যে ৮৫ থেকে ৯০% ভোটই বরাবর তৃণমূল কংগ্রেস পেয়ে এসেছে।

মমতা যদিও মুসলিম তোষণে'র অভিযোগ খারিজ করতেই প্রচুর মন্দির তৈরি করেছেন। এবার হিন্দু ভোটের বড় অংশ একজোট হয়ে বিজেপিকে ভোট দেওয়ায় তৃণমূলের মন্দির তৈরির মতো ‘সফট হিন্দুত্ব’ কৌশলও তেমন ফল দেয়নি।

প্রশাসনিক নিয়ন্ত্রণে পরিবর্তন

নির্বাচন কমিশনের কড়া নজরদারি ও বিপুল কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ফলে শাসক দলের প্রচলিত প্রশাসনিক সুবিধা কমে যায়। ফলে ভোট হয় তুলনামূলক শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক।

বিশ্লেষকদের মতে, দীর্ঘ শাসনের ক্লান্তি, দুর্নীতির অভিযোগ, ভোটব্যাংকের ভাঙন এবং রাজনৈতিক মেরুকরণের সম্মিলিত প্রভাবেই তৃণমূল কংগ্রেসের এই বড় ধরনের পরাজয়।