স্বামী অদলবদল চেয়ে হাইকোর্টে দুই বোনের আবেদন

ভারতে দুই বোন নিজেদের স্বামী অদলবদল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। এ ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। 

ভারতের মধ্যপ্রদেশ হাইকোর্টের গোয়ালিয়র বেঞ্চে এই ব্যতিক্রমধর্মী পারিবারিক মামলাটি দায়ের করা হয়।  

জানা গেছে, একটি হেবিয়াস কর্পাস মামলার মাধ্যমে ঘটনার শুরু। দতিয়ার এক ব্যক্তি অভিযোগ করেন, তার স্ত্রী ও মেয়েকে তার ভায়রাভাই অপহরণ করেছেন।

সেই অভিযোগের ভিত্তিতে পুলিশকে সংশ্লিষ্ট ব্যক্তিদের হাজির করার নির্দেশ দেন হাইকোর্ট। 

তবে পরবর্তী সময়ে তাদের হাজির করা হলে ‘অপহৃত’ নারী জানান, স্বেচ্ছায় তিনি তার বোনের স্বামীর সঙ্গে গেছেন এবং তার সঙ্গেই থাকতে চান। নিজের স্বামীর সঙ্গে তার সম্পর্ক ভালো না এবং তিনি বিবাহবিচ্ছেদের মামলা করেছেন বলেও জানান।

এদিকে, অপর বোনও একই রকম বক্তব্য দেন। তিনিও জানান, স্বামীর সঙ্গে তিনি আর থাকতে চান না এবং বোনের স্বামীর সঙ্গে থাকতে ইচ্ছুক। আদালতের কাছে তারা দুই বোনই স্বামী অদলবদলের অনুমতি চান।

সব পক্ষই প্রাপ্তবয়স্ক হওয়ায় হাইকোর্ট মন্তব্য করেন, এটি কোনো ফৌজদারি অপহরণের ঘটনা নয়; বরং একটি পারিবারিক বিরোধ। তাদের পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিষয়টি সমাধানের পরামর্শ দেন।  

এ নিয়ে ব্যাপক সমালোচনা হলেও  শেষ পর্যন্ত হেবিয়াস কর্পাস মামলাটি খারিজ করে দেওয়া হয়।