পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সহিংসতায় গ্রেপ্তার ৪ শতাধিক, আটক ১,১০০ 

তৃণমূল কংগ্রেসের পর পশ্চিমবঙ্গ রাজ্য শাসনে প্রথমবারের মতো উত্থান হলো ভারতীয় জনতা পার্টির (বিজেপি)। রাজ্যের রাজনৈতিক পালাবদলের গল্প এখন বাংলাদেশেও। 

তবে, বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে রাজ্যে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। হামলা-ভাঙচুরের খবর প্রকাশ পেয়েছে বিভিন্ন গণমাধ্যমে। 

বৃহস্পতিবার (৭ মে) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, পশ্চিমবঙ্গ পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিচালক সিদ্ধনাথ গুপ্ত জানান, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় নির্বাচন-পরবর্তী সহিংস ঘটনা ঘটছে। সবশেষ ৪৮ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে চার শতাধিক মানুষ গ্রেপ্তার হয়েছেন। আটক করা হয়েছে আরও প্রায় ১ হাজার ১০০ জনকে।  

গত বুধবার পশ্চিমবঙ্গ পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিচালক সিদ্ধনাথ গুপ্ত এক সংবাদ সম্মেলনে সংঘাত-সহিংসতা ঘটনার বিস্তারিত তুলে ধরেন। 

পুলিশের এই কর্মকর্তা বলেন, “৪ মে ভোটের ফলাফল ঘোষণা হয়। এর পর থেকে বিভিন্ন জায়গায় সহিংসতার খবর পাওয়া গেছে। এর মধ্যে প্রতিপক্ষকে হুমকি, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে।” 

সিদ্ধনাথ গুপ্ত আরও বলেন, “পুলিশের কাছে ২০০টির বেশি প্রাথমিক অভিযোগ (এফআইআর) জমা পড়েছে। এখন পর্যন্ত ৪৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা আগাম সুরক্ষামূলক ব্যবস্থা হিসেবে ১ হাজার ১০০ জনের বেশি মানুষকে আটক করেছি।” 

নির্বাচনের ফলাফলের পর সহিংসতায় দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে বলেও জানান সিদ্ধনাথ গুপ্ত। এ বিষয়ে তিনি বলেন, “এর একটি নান্নুর এলাকায়। অন্যটি নিউ টাউনে। দুটি ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। আমরা এ দুটি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।” 

শুভেন্দু অধিকারীর সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা
উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামের দোহারিয়া অঞ্চলে বিধানসভা নির্বাচনে বিজয়ী দল বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে। 

এ সময় তার গাড়িতে থাকা আরও এক যুবক গুলিতে গুরুতর আহত হয়েছেন। তাকে কলকাতার একটি হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনার পর মধ্যমগ্রাম ও সংলগ্ন এলাকায় প্রবল উত্তেজনা দেখা দিয়েছে। 

গত ২৩ এবং ২৯ এপ্রিল বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গে। ৪ মে ভোটের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সংঘাত-সহিংসতার খবর গণমাধ্যমে প্রকাশ পায়।