পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং দীর্ঘ পাল্লার আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) সফল পরীক্ষা সম্পন্ন করেছে ভারত।
গত শুক্রবার (৮ মে) সন্ধ্যায় ওডিশা উপকূলে দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) এই উৎক্ষেপণ কার্যক্রম পরিচালনা করে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং দ্য টাইমস অব ইন্ডিয়া সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে জানা গেছে, নতুন এই ক্ষেপণাস্ত্রটি ১০,০০০ কিলোমিটারের বেশি পাল্লার। এই প্রযুক্তিতে সফল হওয়ার মাধ্যমে ভারত এখন বিশ্বের যেকোনো প্রান্তকে নিজেদের ক্ষেপণাস্ত্রের আওতায় নিয়ে আসতে সক্ষম হলো। বর্তমানে কেবল যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার কাছে ১২,০০০ কিলোমিটারের বেশি পাল্লার আইসিবিএম প্রযুক্তি রয়েছে।
উৎক্ষেপণের সময় ডিআরডিও এবং ভারতীয় বিমানবাহিনী যৌথভাবে ‘ট্যাকটিক্যাল অ্যাডভান্সড রেঞ্জ অগমেন্টেশন’ (টিএআরএ) নামে একটি সিস্টেমের প্রথম ফ্লাইট ট্রায়াল সম্পন্ন করে। এটি ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি ‘মডুলার রেঞ্জ এক্সটেনশন কিট’, যা সাধারণ বোমাকে নিখুঁত লক্ষ্যভেদী অস্ত্রে পরিণত করতে পারে।
সম্প্রতি ক্ষমতাসীন দল বিজেপি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে অগ্নি-৬ ক্ষেপণাস্ত্র নিয়ে একটি ভিডিও পোস্ট করে ভারত যে ‘সুপারপাওয়ার’ হওয়ার পথে এগোচ্ছে, তার বড় ইঙ্গিত দিয়েছিল। এমআইআরভি (MIRV) প্রযুক্তিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্র ভারতের আকাশসীমাকে আরও দুর্ভেদ্য করবে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।
ডিআরডিও চেয়ারম্যান সমীর ভি কামাত জানান, আইসিবিএম প্রযুক্তিতে ভারতের সব ধরনের কারিগরি প্রস্তুতি শেষ। এই সফল পরীক্ষার মাধ্যমে ভারত উন্নত অস্ত্র সক্ষমতাসম্পন্ন দেশগুলোর ‘এলিট ক্লাবে’ নিজেদের অবস্থান আরও দৃঢ় করেছে।