আবারও উন্নত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত

প্রতিরক্ষা শক্তিতে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। একইসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম ‘অগ্নি’ সিরিজের একটি উন্নত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে দেশটি। এই পরীক্ষার সবচেয়ে বড় বিশেষত্ব ছিল অত্যাধুনিক ‘মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকল’ প্রযুক্তির সফল প্রয়োগ।

৮ মে ওড়িশা উপকূলের ড. এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা এবং স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড যৌথভাবে এই পরীক্ষা পরিচালনা করে। ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো এবং এনডিটিভি জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি একাধিক ওয়ারহেড বা বিস্ফোরক বহন করে উড্ডয়ন করেছিল এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের ভিন্ন ভিন্ন ভৌগোলিক অবস্থানে থাকা লক্ষ্যবস্তুগুলোতে সুনির্দিষ্টভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এমআইআরভি প্রযুক্তি সম্বলিত ক্ষেপণাস্ত্র মোকাবিলা করা যেকোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত কঠিন। কারণ: একটিমাত্র ক্ষেপণাস্ত্র থেকে বিচ্ছিন্ন হয়ে প্রতিটি বিস্ফোরক আলাদা আলাদা গতিপথ অনুসরণ করে ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এটি শত্রুপক্ষের রাডার এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে সক্ষম।

ডিআরডিও আনুষ্ঠানিকভাবে ক্ষেপণাস্ত্রটির নাম ঘোষণা না করলেও, ধারণা করা হচ্ছে এটি অগ্নি-৫ সিরিজের একটি উন্নত সংস্করণ। এটি মূলত একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা ৫,৫০০ কিলোমিটারের বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। উড্ডয়নকালিন ট্র্যাকিং ডাটা বিশ্লেষণ করে জানানো হয়েছে যে, মিশনের সমস্ত উদ্দেশ্য সফলভাবে অর্জিত হয়েছে।

এই পরীক্ষার মাধ্যমে ভারত বিশ্বের সেই হাতেগোনা কয়েকটি দেশের তালিকায় নিজের অবস্থান আরও শক্ত করল, যাদের কাছে এ ধরনের উন্নত মাল্টিপল ওয়ারহেড প্রযুক্তি রয়েছে। এই অর্জন ভারতের কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।