দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি দাবানল শহরতলির দিকে অগ্রসর হওয়ায় সেখানকার বাড়িঘরসহ জনজীবন হুমকির সম্মুখীন হয়েছে। এ দুর্যোগের কারণে ১৭,০০০ এর বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।
স্থানীয় সময় সোমবার (১৮ মে) বায়ুচালিত স্যান্ডি ফায়ার লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৩০ মাইল উত্তর-পশ্চিমে সিমি ভ্যালির উপরের পাহাড়ে দাবানল ছড়িয়ে পড়েছে বলে জানানো হয়।
ভেন্টুরা কাউন্টি ফায়ার ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২০ মে) সকালের মধ্যে এটি দুই বর্গমাইলেরও (৫ বর্গকিলোমিটার) বেশি শুকনো ঝোপঝাড় পুড়িয়ে ফেলেছে এবং কমপক্ষে একটি বাড়ি ধ্বংস করেছে।
বিভাগের মুখপাত্র অ্যান্ড্রু ডাউড জানান, আগুন প্রথমে ঘণ্টায় ৩০ মাইল (৪৮ কিলোমিটার) দমকা হাওয়ায় ছড়িয়ে পড়েছিল, কিন্তু রাতভর বাতাস শান্ত হওয়ায় দমকলকর্মীরা সহায়তা পেয়েছেন।
উড বলেন, “আবহাওয়ার উন্নত পরিস্থিতিতে আমরা এই আগুনের বিরুদ্ধে অনেক অগ্রগতি করেছি। বাতাস আবার বাড়ার আগেই আরও অগ্রগতি করার আশা করছে দলগুলো।”
আগুন ৫% নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
এদিকে, ১ লাখ ২৫ হাজারেরও বেশি জনসংখ্যার শহর সিমি ভ্যালির বেশ কয়েকটি পাড়া থেকে মানুষ সরিয়ে নেওয়ার নির্দেশ ও সতর্কতা এখনও বহাল রয়েছে। বিমান থেকে পানি ফেলার মধ্যে শহরটি ধোঁয়ায় ঢেকে গেছে।
অন্যদিকে, দমকলকর্মীরা দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলের সান্তা রোজা দ্বীপে ২৩ বর্গমাইল বিস্তৃত একটি দাবানলের সঙ্গে লড়াই করছেন। সেখানকার আগুনে একটি কেবিন ও একটি সরঞ্জাম শেড ধ্বংস হয়েছে এবং ১১ জন ন্যাশনাল পার্ক সার্ভিস কর্মীকে সরিয়ে নিতে হয়েছে।
মঙ্গলবার সকাল পর্যন্তও আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।